ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চলতি (২০০৭-০৮) অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের ধীরগতিতে শনিবার তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রধান উপদেষ্টা এ মনোভাব জানিয়ে বলেন, "এডিপি বাস্তবায়নের সঙ্গে দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও মানুষের ভাগ্য জড়িত। সে কারণে সরকারের উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন বাড়ানো ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই।"
উপদেষ্টা থেকে শুরু করে মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাকে এডিপি বাস্তবায়ন জোরদার করতে কড়া নির্দেশ দেন তিনি।
বৈঠকশেষে পরিকল্পনা সচিব জাফর আহমেদ চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান।
পরিকল্পনা সচিব বলেন, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) মোট ২৬ হাজার ৫০০ কোটি টাকার এডিপির মাত্র ২৫ শতাংশ বাস্তবায়ন হয়েছে। গত বছরের একই সময়ে এ হার ছিল ২৯ শতাংশ। প্রধান উপদেষ্টা এ মন্থরগতির জন্য বৈঠকে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি এডিপি বাস্তবায়ন ত্বরান্বিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে যথাসময়ে প্রকল্পের কাজ শেষ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব থেকে শুরু করে মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন বলে সচিব জানান।
জাফর আহমেদ চৌধুরী আরো বলেন, ''একনেক বৈঠকে প্রধান উপদেষ্টা সরকারের সকল মন্ত্রণালয় ও বিভাগকে এডিপি বাস্তবায়নের বিষয়টিকে তাদের কাজের মেইন রুটিনে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন।"
সচিব জানান, বৈঠকে পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এডিপি বাস্তবায়ন সংক্রান্ত একটি পর্যালোচনা প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে বলা হয়েছে, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের এডিপি বাস্তবায়নের হার গত বছরের একই সময়ে চেয়ে ভালো। কিন্তু যোগাযোগ, স্থানীয় সরকারসহ আরও কয়েকটি মন্ত্রণালয়ের এডিপি বাস্তবায়নের অবস্থা খুবই খারাপ।
বৈঠকে এ সব মন্ত্রণালয়ের এডিপি বাস্তবায়ন ত্বরাান্বিত করতে প্রধান উপদেষ্টা বিশেষ তাগিদ দিয়েছেন বলে জানান পরিকল্পনা সচিব।
এডিপি বাস্তবায়নের এই বেহাল অবস্থার কারণ জানতে চাইলে জাফর আহমেদ বলেন, ''পর পর দুই দফা বন্যা ও ঘুর্ণিঝড়ের কারণে কর্মকর্তারা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ায় এডিপি বাস্তবায়নের দিকে নজর দিতে পানেননি। তবে আগামী তিন মাসে এডিপি বাস্তবায়নের গতি ফিরে আসবে বলে আশা করছি আমরা।"
সচিব জানান, শনিবারের বৈঠকে মোট দুই হাজার ৫২৪ কোটি টাকার ১২টি প্রকল্প অনুমোদন দেয়া হয়।
এর মধ্যে নয়টি প্রকল্প সম্পূর্ণ সরকারি অর্থে বাস্তবায়ন হবে। আর তিনটি প্রকল্প বাস্তবায়নে বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতাদেশ ও সংস্থা এক হাজার ৮৮ কোটি টাকা ঋণ সহায়তা দেবে।
অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে
bdnews24