ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ভোজ্যতেলের বিক্রয় দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। বাজারে বিক্রির জন্য সর্বোচ্চ খুচরা দাম নির্ধারণ করা হয়েছে সয়াবিন তেল প্রতি কেজি ১০৬ টাকা ৫০ পয়সা এবং পাম অয়েল প্রতি কেজি ৯৮ টাকা ৫০ পয়সা।
সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান এবং ভোজ্যতেল ব্যবসায়ী নেতা ফজলুর রহমান যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এই সিদ্ধান্ত অনুযায়ী, আমদানি ও পরিশোধন শেষে কারখানা থেকে বিক্রির জন্য প্রতি কেজি সয়াবিন তেলের দাম ১০৩ টাকা এবং পাম অয়েলের দাম ৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে পাইকারদের কাছ থেকে খুচরা দোকান মালিকদের এই দামের সঙ্গে ৫০ পয়সা বাড়িয়ে কিনতে হবে।
উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, "এই বাজার মূল্য আগামী ৯ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে। ৯ মার্চ ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে আবার ভোজ্যতেলের মূল্য নির্ধারণ করা হবে।"
বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, "আন্তর্জাতিক বাজার মূল্যের সঙ্গে পাল্লা দিয়ে দেশে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। একই সঙ্গে এই কমিটি ভোজ্য তেলের বাজার দর নির্ধারণে কাজ করবে।" এছাড়াও এই কমিটি চাল, গম ও ডালের দাম নিয়েও কাজ করবে বলে জানান তিনি।
ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির নেতা ফজলুর রহমান বলেন, "আগামী ৯ মার্চ পর্যন্ত এ ঘোষিত দামে ভোজ্যতেল বিক্রি করা হবে। পরবর্তী সভায় এ বিষয়ে আবার নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে।"
ঘোষিত কমিটির প্রধান হিসেবে থাকবেন বাণিজ্য উপদেষ্টা। এছাড়া কমিটির সদস্যরা হলেন বাণিজ্য সচিব, বিডিআরের মহাপরিচালক, জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি এবং ভোজ্যতেল আমদানিকারক পাইকারি ও খুচরা বিক্রেতা সমিতির প্রতিনিধি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/আরএ/এমএ/১৬১৫ ঘ.
bdnews24