ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চারটি বোয়িং কেনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এয়ারবাস কোম্পানির উড়োজাহাজ বিক্রির প্রস্তাবটি লাভজনক না হওয়ায় আগামী ১৫ মার্চের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বিমান।
উল্লেখ্য, বোয়িং কোম্পানীর উড়োজাহাজ বিক্রির প্রস্তাবের মেয়াদ আগামী ১৫ মার্চ শেষ হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে বিমানের একজন শীর্ষ স্থানীয় কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, এয়ারবাস কোম্পানি উড়োজাহাজ বিক্রির চেয়ে ইজারা দিতেই বেশি আগ্রহী। অন্যদিকে বোয়িং এর প্রস্তাবে আছে, যতদিন তারা নতুন উড়োজাহাজ সরবরাহ করতে পারছে না, ততদিন তারা ইজারায় বিমানকে উড়োজাহাজ দেবে। এ বিবেচনায় বোয়িং এর প্রস্তাবটিকেই আকর্ষণীয় মনে করে বিমান তাদের উড়োজাহাজ কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন।
বোয়িং ও এয়ারবাস কোম্পানির উড়োজাহাজ বিক্রির প্রস্তাব সম্পর্কে ওয়াকিবহাল বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) প্রতিনিধি ক্যাপ্টেন শাহে আলম ওই তথ্যটিকে নিশ্চিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "এয়ারবাসের তুলনায় বোয়িং এর প্রস্তাবটি অনেক গ্রহণযোগ্য। তাছাড়া বোয়িং - ৭৮৭ এর জ্বালানি খরচ খুবই কম। তাছাড়া বোয়িং কোম্পানি যেখানে ২০১১ সালে উড়োজাহাজ সরবরাহ করতে পারবে, সেখানে এয়ারবাস উড়োজাহাজ সরবরাহ করবে ২০১৩ সালে।"
এ সব বিষয়ে জানতে চাইলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক এমএ মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উড়োজাহাজ কেনার জন্য বোয়িং কোম্পানির প্রস্তাবটির মেয়াদ আগামী ১৫ মার্চ শেষ হয়ে যাবে। এর আগেই কর্তৃপক্ষকে উড়োজাহাজ কেনার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।"
বোয়িং ও এয়ারবাস কোম্পানির উড়োজাহাজ বিক্রির দুটি পৃথক প্রস্তাবনার মধ্যে বিমান কোনটিকে বেশী প্রাধান্য দিচ্ছে, তা জানতে চাইলে এমএ মোমেন অবশ্য বলেন, "আমরা দুটি প্রস্তাবকেই সমান গুরুত্ব দিচ্ছি। বিমানের পরিচালনা পর্ষদের সভায় আমরা বোয়িং ও এয়ারবাসের দুটি প্রস্তাবকেই তুলে ধরবো। এর মধ্যে পর্ষদ যেটিকে লাভজনক মনে করবে, তারা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।"
"বিমানের বহরে নতুন উড়োজাহাজ সংযোজন করা না গেলে, সঠিকভাবে এয়ারলাইন্সটির ব্যবসা টিকিয়ে রাখাই মুশকিল হয়ে পড়বে" বলেও তিনি মন্তব্য করেন।
বাপা প্রতিনিধি ক্যাপ্টেন শাহে আলম জানান, বোয়িং কোম্পানির একটি প্রতিনিধি দল বিমানের আগ্রহের পরিপ্রেক্ষিতে গত বছর ২৮ নভেম্বর বাংলাদেশে এসে ৮ টি উড়োজাহাজ বিক্রির প্রস্তাব দিলে বিমান এর মধ্যে চারটি প্রস্তাব গ্রহণ করে।
তিনি জানিয়েছেন, নতুন ও পুরোনো উড়োজাহাজ মিলিয়ে বোয়িং কোম্পানি বিমানকে যে আটটি উড়োজাহাজ বিক্রির প্রস্তাব দেয়, এর মধ্যে রয়েছে অত্যাধুনিক ৭৮৭ ও ৭৭৭ মডেল। অন্যান্য উড়োজাহাজের তুলনায় বোয়িং - ৭৮৭ এর জ্বালানি খরচ খুবই কম। এই প্রস্তাবে সাড়া পেলে ২০১১ সাল নাগাদ তারা উড়োজাহাজগুলো সরবরাহ করতে সক্ষম।
ক্যাপ্টেন শাহে আলম জানান, এছাড়া গত ৫ ফেব্র"য়ারি এয়ারবাস কোম্পানির একটি প্রতিনিধি দল দেশে এসে বিমানকে চারটি এ - ৩৩০ নতুন উড়োজাহাজ বিক্রি করার প্রস্তাব দিয়েছে। তারা ২০১৩ সাল নাগাদ এই সুপরিসর উড়োজাহাজগুলো সরবরাহ করতে পারবে।
তিনি আরও জানান, এছাড়া এয়ারবাসের প্রস্তাবে রয়েছে ছোট আকৃতির এ - ৩২০ উড়োজাহাজ লিজ নেওয়া। বিমান কর্তৃপক্ষ এতে রাজী হলে পর্যায়ক্রমে তারা বিমানের পুরনো চারটি এ -৩১০ উড়োজাহাজ বদলে ফেলবে।
বিমান কর্মকর্তারা জানান, এর আগে এয়ারবাস কোম্পানি ১৯৯৮ সালের শেষ দিকে বিমানের কাছে একদফা উড়োজাহাজ বিক্রি করার প্রস্তাব দেয়। তবে সে সময় নতুন উড়োজাহাজ কেনার কোনো পরিকল্পনা বিমানের ছিল না।
গত বছর বিমান চারটি সুপরিসর উড়োজাহাজ ইজারার মাধ্যমে কেনার জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছিলো। তবে আশাবাঞ্জক সাড়া না পাওয়া যাওয়ায় তারা এখন সরাসরি উড়োজাহাজ নির্মাতা সংস্থার সঙ্গে সমঝোতায় আসতে চাইছে। বিমানের পরিকল্পনায় রয়েছে, ব্যাংক ঋণের মাধ্যমে নতুন উড়োজাহাজ কিনে পর্যায়ক্রমে পুরনো উড়োজাহাজগুলোকে বিক্রি করা।
একটি সূত্র মতে, বিমানের চারটি ডিসি - ১০, তিনটি এয়ারবাস ও তিনটি এফ - ২৮ উড়োজাহাজ অন্তত ১৫ থেকে ২৫ বছরের পুরনো হওয়ায় প্রায়ই এগুলো ছোটখাট যান্ত্রিক ত্র"টির কারণে বিকল হয়ে পড়ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ বিআর/এমএ/১৫১৬ ঘ.
bdnews24