ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্যাংক ঋণের সুদের হার কমছে মার্চ থেকেই। এজন্য চলতি মাসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের কাছে যৌথভাবে সুনির্দিষ্ট প্রস্তাব দেবে ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ও নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)।
বাংলাদেশ ব্যাংক তা পর্যালোচনা করে ব্যবসায়ী, আমানতকারী ও শেয়ার হোল্ডারদের স্বার্থের কথা বিবেচনা করে খাতভিত্তিক সুদের হার নির্ধারণ করবে।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে বুধবার দুপুরে মতিঝিলে ব্যাংকের কার্যালয়ে দেশের সব বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বাংলাদেশ ব্যাংকের নাম প্রকাশে অনিচ্ছুক শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
বৈঠক শেষে সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, "উদ্যোক্তাদের মতো নির্বাহীরাও ব্যাংক ঋণের সুদের হার কমাতে রাজি। এ মাসের মধ্যেই তারা (এবিবি ও বিএবি) যৌথভাবে ঋণের সুদের হার কমানো সংক্রান্ত একটি সুর্নিদিষ্ট প্রস্তাব বাংলাদেশ ব্যাংকে পাঠাবে। এর পর তা পর্যালোচনা করে বাস্তবায়ন করা হবে।"
ঋণের সুদের হারের পাশাপাশি ঋণপত্র (এলসি), ব্যাংক ড্রাফট, ক্রেডিট কার্ডসহ বিভিন্ন উপকরণের সেবার চার্জ কমানোর ব্যাপারেও ব্যাংক নির্বাহীরা রাজি হয়েছেন বলে জানান গভর্নর।
এবিবি'র চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ কে সাত্তার বলেন, "দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে আমরা ব্যাংক ঋণের সুদের হার কমাতে রাজি হয়েছি। বিএবি'র সঙ্গে বৈঠক করে এ মাসের মধ্যেই আমরা আমাদের প্রস্তাব কেন্দ্রীয় ব্যাংকে পাঠাব।"
সুদের হার কী পরিমাণ কমানো হবে জানতে চাইলে মাহমুদ সাত্তার বলেন, "সব কিছু এখনই বলা ঠিক হবে না। এ বিষয়টির সঙ্গে শেয়ার বাজার জড়িত। এখনই কিছু বললে শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব পড়বে। তবে এটা ঠিক যে, আমরা আমানতের সুদের হার না কমিয়ে ব্যাংক ঋণের সুদের হার কমাতে সম্মতি দিয়েছি।"
মুক্তবাজার অর্থনীতি থেকে সরে এসে ব্যাংক ঋণের সুদের হার কমানোর জন্য কেন্দ্রীয় ব্যাংক চাপ দিচ্ছে কী না- এমন প্রশ্নের উত্তরে মাহমুদ সাত্তার বলেন, "কেন্দ্রীয় ব্যাংক এ ব্যাপারে আমাদের কোনো চাপ দিচ্ছে না। আমরা দেশের বিনিয়োগের স্বার্থে আলোচনার মাধ্যমে সুদের হার কমানোর সিদ্ধান্ত নিচ্ছি।"
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা, জিয়াউল হাসান সিদ্দিকী, মুরশিদ কুলি খানসহ সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।
বাণিজ্যিক ব্যাংকগুলোকে দীর্ঘদিন ধরে ব্যাংক ঋণের সুদের হার কমানো এবং আমানত ও ঋণের সুদের হারের মধ্যে ব্যবধান পাঁচ শতাংশের নিচে নামিয়ে আনতে দিক-নির্দেশনা দিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু ব্যাংকগুলো এর আগে ইতিবাচক সাড়া দেয়নি।
প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ গত ২৯ জানুয়ারি ব্যাংক ঋণের সুদের হার কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে একটি চিঠি দেন। ঐ চিঠির পরিপ্রেক্ষিতে চলতি মাসের প্রথম সপ্তাহে অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম ও গভর্নর সব ব্যাংকের চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দেশে বিনিয়োগ বাড়াতে ব্যাংক ঋণের সুদের হার ও
bdnews24