২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে ষোলতম আর্ন্তজাতিক বাণিজ্য মেলা। মঙ্গলবার বিকালে নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ডে মেলা উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2008, 02:33 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে শুরু হয়েছে ষোলতম আর্ন্তজাতিক বাণিজ্য মেলা। মঙ্গলবার বিকালে নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ডে মেলা উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত মাসব্যাপী এই মেলায় দেশীয় প্রতিষ্ঠান ছাড়াও নয়টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। চার লাখ বর্গফুট জায়গা জুড়ে এবারের মেলায় ৩৬টি প্যাভেলিয়ানসহ মোট ২৯৮টি স্টল রয়েছে। এদিকে মেলার উদ্বোধন হলেও ১০ থেকে ১২টি স্টল ও গুটি কয়েক প্যাভেলিয়ান ছাড়া অধিকাংশেরই নির্মাণ কাজ শেষ হয়নি। এ কারণে মেলার প্রথম দিনে দর্শনার্থীদের চেয়ে স্টল ও দোকান মালিকদের কর্মব্যস্ততাই বেশি লক্ষ্য করা গেছে। মেলার আয়োজকরা জানান, এবার মেলায় সহযোগী দেশ হিসাবে থাইল্যান্ডের মোট ৪৭ টি স্টল থাকছে। এছাড়া মেলায় ইরান, পাকিস্তান, ভারত, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, মায়ানমার, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানও প্যাভেলিয়ন করছে। মাসব্যাপী এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত দশটা পর্যন্ত চলবে। মেলার প্রবেশ মূল্য রাখা হয়েছে দশ টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, চট্টগ্রামের সম্ভাবনাময় পর্যটন শিল্পের উন্নয়নে এই খাতকে বেসরকারিকরণের চিন্তা সরকারের বিবেচনাধীন। উপদেষ্টা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, "আজকের উৎপাদকরাই ভবিষ্যতের রপ্তানীকারক। এ কারণেই দেশীয় উৎপাদকদের উৎসাহিত করতে হবে এবং পণ্যের মান নিয়ে ক্রেতারা কোন ছাড় দেবে না।" তিনি মানসম্পন্ন পণ্য তৈরির চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যবসায়ীদের প্রস্তুত থাকার আহবান জানান। চট্টগ্রামের বাণিজ্যিক সম্ভাবনা দেশের জাতীয় অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, সম্ভাবনাময় নতুন খাতকে চিহ্নিত করে অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে হবে। বিশেষ করে জাহাজ নির্মাণ, তথ্য প্রযুক্তি, ওষুধ ও চামড়া শিল্পে চট্টগ্রামসহ দেশের ব্যবসায়িক সম্ভাবনা ব্যাপক বলে তিনি মনে করেন। চট্টগ্রাম চেম্বার সভাপতি সাইফুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে চেম্বারের সিনিয়র সহ-সভাপতি এম এ লতিফ, সহ-সভাপতি মাহবুব আলম ও মেলা কমিটির চেয়ারম্যান সৈয়দ জামাল আহমেদ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে উপদেষ্টা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/২০২৯ ঘ.