ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার পাচার রোধে প্রতিটি জেলার জন্য আলাদা রঙের সারের বস্তা সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে দেশের নদী ও সাগরে চলাচলকারী নৌযান ও জাহাজের জন্য নিবন্ধন ও সনদ গ্রহণ বাধ্যতামূলক করা হচ্ছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে স্বরাষ্ট্র সচিব আবদুল করিম সাংবাদিকদের বলেন, বাংলাদেশের তুলনায় ভারত ও মিয়ানমারে সারের মূল্য দ্বিগুণ থেকে তিনগুণ। তাই বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে সার পাচার হচ্ছে।
তিনি জানান, সারসহ বিভিন্ন ধরনের চোরাচালান রোধে বিডিআর, কোস্টগার্ডসহ সংশ্লিষ্টদের কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রতি জেলার সারের জন্য আলাদা রঙের বস্তা থাকবে। ফলে এক জেলার সার অন্য জেলায় কিংবা অন্য জেলার ওপর দিয়ে পাচার হলে তা সহজেই চিিহ্ণত করা যাবে।
স্বরাষ্ট্র সচিব জানান, গত তিন মাসে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় প্রায় ১৭৩ কোটি টাকার পণ্য উদ্ধার করা হয়েছে।
দেশের নদী ও সাগরে চলাচলকারী নৌযান ও জাহাজের জন্য নিবন্ধন ও সনদ গ্রহণ বাধ্যতামূলক করা হচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য বৈঠক থেকে সমুদ্র পরিবহণ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।
চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের গডফাদারদের তালিকা প্রণয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ কতটুকু বাস্তবায়ন হয়েছে- সাংবাদিকদের এ প্রশ্নে সচিব জানান, এ পর্যন্ত একটি সংস্থার পক্ষ থেকে তালিকা পাঠানো হয়েছে। অন্য সংস্থাগুলোকেও দ্রুত এ তালিকা মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।
আব্দুল করিম জানান, দেশে বর্তমানে ফেনসিডিল চোরাচালানের পরিমাণ বেড়েছে। সীমান্ত পথে ফেনসিডিল চোরাচালান এবং ইলিশ পাচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিনের সভাপতিত্বে সভায় বিডিআরের মহাপরিচালক শাকিল আহমেদসহ বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, আইন প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৮১৮ ঘ.
bdnews24