২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবি ব্যাংককে জরিমানার ঘটনায় পুঁজিবাজারে অস্থিরতা

পুঁজিবাজারে আরও এক দফা দরপতন হয়েছে। আগের দিন মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনাকারী এবি ব্যাংককে এসইসি'র জরিমানা করার ঘটনা বাজারের অস্থিরতা আরও খানিকটা উসকে দেয়। বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, এবি ব্যাংককে জরিমানার পর মার্চেন্ট ব্যাংকগুলো ঋণ ছাড়ের ক্ষেত্রে সতর্ক আচরণ করায় বিনিয়োগকারীরা কম দামে শেয়ার বিক্রি করতে বাধ্য হয়েছেন। আগের দিনের চেয়ে লেনদেনের পরিমাণও কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2008, 03:01 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুঁজিবাজারে আরও এক দফা দরপতন হয়েছে। আগের দিন মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনাকারী এবি ব্যাংককে এসইসি'র জরিমানা করার ঘটনা বাজারের অস্থিরতা আরও খানিকটা উসকে দেয়। বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, এবি ব্যাংককে জরিমানার পর মার্চেন্ট ব্যাংকগুলো ঋণ ছাড়ের ক্ষেত্রে সতর্ক আচরণ করায় বিনিয়োগকারীরা কম দামে শেয়ার বিক্রি করতে বাধ্য হয়েছেন। আগের দিনের চেয়ে লেনদেনের পরিমাণও কমেছে। এর আগে রোববার স্বজনপ্রীতি করে নির্ধারিত সীমার চেয়ে বেশি টাকা ঋণ বিতরণের দায়ে পুঁিজবাজারে মার্চেন্ট ব্যাংক হিসেবে কার্যক্রম পরিচালনাকারী আরব বাংলাদেশ ব্যাংককে (এবি ব্যাংক) ১০ কোটি টাকা জরিমানা করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৭০ কোটি টাকার এক কোটি ১৪ লাখ ৪২ হাজার ৬৩৮টি শেয়ার লেনদেন হয়। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ২১৫ কোটি টাকা। এইমস ফার্স্টের প্রধান ও পুঁজিবাজার বিশ্লেষক ইয়াওয়ের সাইদ বলেন, "ঋণ ছাড়ের বেলায় মার্চেন্ট ব্যাংকগুলো দ্বিধাগ্রস্ত থাকায় কম মুনাফায় শেয়ার ছাড়তে বাধ্য হয়েছেন বিনিয়োগকারীরা। এর কারণে বাজারে শেয়ারের লেনদেনও কমেছে।" নাম প্রকাশ না করার শর্তে একটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের এক শীর্ষ কর্মকর্তা জানান, বাজারে তহবিলের সঙ্কট আছে তবে মার্চেন্ট ব্যাংকগুলোর সতর্ক আচরণ সমর্থনযোগ্য। তিনি বলেন, "সরকারি তেল কোম্পানিগুলো বাজার থেকে তহবিল তুলে নেওয়ায় যে ঘাটতি হয়েছে তা এখনও পুরণ হয়নি।" দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৩৬ পয়েন্ট বা এক দশমিক ২২ শতাংশ কমে ২৯০০ দশমিক ০৫ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৩১ দশমিক ৫৮ পয়েন্ট বা এক দশমিক ২৭ শতাংশ কমে হয়েছে ২৪৪৭ দশমিক ২২ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ২৩ দশমিক ৭৭ পয়েন্ট বা এক দশমিক ০১ শতাংশ কমে ২২৯৪ দশমিক ৯৭ পয়েন্ট হয়। ডিএসইতে ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত ছিল ৮টির দাম। দিনশেষে লেনদেনের তালিকার শীর্ষে থাকা এবি ব্যাংকের শেয়ারের দাম দশমিক ৫০ শতাংশ কমে হয়েছে ২৮১৫ টাকা ৭৫ পয়সা। সামিট পাওয়ারের শেয়ারের দাম এক দশমিক ৫৫ শতাংশ কমে ১৫৬৪ টাকা ৫০ পয়সা হয়। ডিএসই ওয়েব সাইটে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় মঙ্গলবার প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম এক দশমিক ৯৩ শতাংশ বেড়ে ১২০ টাকা ৯০ পয়সায় পৌঁছায়। ইউসিবিএল এর শেয়ার ৮ দশমিক ৪৩ শতাংশ কমে ৪০৬৫ টাকা ৭৫ পয়সা হয়। ব্র্যাক ব্যাংকের শেয়ারও ৩ দশমিক ০৪ শতাংশ কমে ১২৬৬ টাকা ২৫ পয়সা হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম বাড়লেও যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, আইএফআইসি ব্যাংক ও স্কয়ার ফার্মার শেয়ারের দাম কমেছে। ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল সপ্তম ও চতুর্থ আইসিবি মিউচুয়াল ফান্ড, সোনার বাংলা ইন্সুরেন্স, মার্কেন্টাইল ইন্সুরেন্স ও এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্স। লোকসানিদের তালিকায় শীর্ষে ছিল ইউসিবিএল, রহিমা ফুডস, পিপলস ইন্সুরেন্স, ফার্মা এইডস ও প্রাইম ইন্সুরেন্স। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব শেয়ার সূচক নিম্নমুখী ছিল। সিএসইতে ২২ কোটি ৩৫ লাখ টাকার ১৯ লাখ ৮১ হাজার ৬৪৬টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ২২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৯৬টির দাম কমেছে এবং ৭টির দাম অপরিবর্তিত ছিল। সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৭৯ দশমিক ৭৭ পয়েন্ট বা এক দশমিক ০৬ শতাংশ কমে ৭৪০৪ দশমিক ৫৩ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৪৫ দশমিক ১৬ পয়েন্ট বা দশমিক ৯৪ শতাংশ কমে হয়েছে ৪৭৪৩ দশমিক ৭৬ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৬১ দশমিক ৫১ পয়েন্ট বা দশমিক ৯২ শতাংশ কমে ৬৬১৬ দশমিক ৫৫ পয়েন্ট হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এমএইচবি/২০৫৩ ঘ.