চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ১৬তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে মঙ্গলবার। নগরীর রেলওয়ে পলো গ্রাউন্ডে মাসব্যাপী এই মেলায় দেশীয় প্রতিষ্ঠান ছাড়াও নয়টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
রোববার দুপুরে চেম্বার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মেলার আয়োজক চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ নেতারা জানান, এবারের মেলায় ৩৬টি প্যাভিলিয়নসহ মোট ২৬২টি স্টল থাকবে। বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান মঙ্গলবার সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন।
মেলা কমিটির কো-চেয়ারম্যান ও চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ বলেন, এ বছর মেলার সহযোগী দেশ হিসাবে থাকছে থাইল্যান্ড। এছাড়া ইরান, পাকিস্তান, ভারত, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, মায়ানমার, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে।
মাহফুজুল হক জানান, সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে এবং মেলার প্রবেশমূল্য ১০টাকা। মেলার সময় পুরো এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকবে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী।
সংবাদ সম্মেলনে চেম্বার সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জানান, গত বছর প্রায় ২০ লাখ ক্রেতা ও দর্শনার্থী মেলায় এসেছিল। এবার সে সংখ্যা আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, দেশের বৃহত্তম এই বাণিজ্য মেলা শুধু চট্টগ্রামের নয় অন্যান্য অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের পাশাপাশি চট্টলাবাসীর মিলন মেলায় পরিণত হয়। অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এই মেলা তাদের পণ্যের প্রচার ও প্রসারের সুযোগ তৈরি করে দেয়।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আইএমএফ ও বিশ্বব্যাংক এদেশকে আমদানি নির্ভর বাজারে পরিণত করার চেষ্টা চালাচ্ছে। সে চেষ্টা রুখতে আমাদের নিজেদেরই এগিয়ে আসতে হবে। সেজন্য স্থানীয় শিল্প প্রতিষ্ঠা ও উৎপাদন বাড়াতে হবে। এ ধরনের মেলা আয়োজনের মাধ্যমে কৃষিসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহী করার চেষ্টা চালাতে হবে।"
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে চেম্বারের সিনিয়র সহ সভাপতি এম এ লতিফ, সহসভাপতি মাহবুব আলমসহ পরিচালকরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২০৪২ ঘ.
bdnews24