ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি খাতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দিয়েছে বিশ্বব্যাংক ও বিশেষজ্ঞরা। চীন, ভিয়েতনামের মতো বাংলাদেশকেও কৃষিতে ব্যাপক সম্ভাবনাময় উল্লেখ করে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এ ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।
রোববার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁও এ বিশ্বব্যাংকের বিশ্ব উন্নয়ন প্রতিবেদন ২০০৮ প্রকাশ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এই প্রতিবেদনের প্রতিপাদ্য বিষয় ছিল 'উন্নয়নের জন্য কৃষি'।
অনুষ্ঠানের শুরুতে প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন প্রতিবেদন কমিটির সহ-পরিচালক এলিন ডি জেনভি।
এলিন জেনভি বলেন, কৃষি খাতে বাংলাদেশ দারুণ সম্ভাবনাময়। এ খাতকে সামনে রেখে দেশটি উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে। কিন্তু এর জন্য প্রয়োজন বড় ধরনের বিনিয়োগ। কৃষি খাতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও বিনিয়োগে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, এ খাতে সরকারি ভর্তুকি বাড়াতে হবে। তা করা হলে একদিকে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে, অন্যদিকে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। মানুষের আয়ও বাড়বে।
কৃষি খাতের উন্নয়নে রাজনৈতিক সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন জানিয়ে এলিন জেনভি বলেন, রাজনৈতিক নীতিনির্ধারকদের কৃষি খাতের অনুকূল নীতি গ্রহণ করতে হবে। একইসঙ্গে ধানসহ অন্যান্য ফসলের উৎপাদন বাড়াতে উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করতে হবে।
বিশ্বব্যাংকের এই প্রতিবেদনের ওপর আলোচনা করেন বাংলাদেশ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক কাজী মেসবাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক সাত্তার মণ্ডল, ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের সভাপতি মশিউর রহমান, বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি মোহাম্মদ এ তৌর, কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি ফখরুল আহসান প্রমুখ।
মেসবাহউদ্দিন আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে আমরা কৃষি খাতকে অবহেলা করে এসেছি। এ কারণে আজ খাদ্য আমদানি করে আমাদের চাহিদা মেটাতে হচ্ছে। ১৯৮০ সালে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ২০ শতাংশের বেশি বরাদ্দ ছিল কৃষি খাতে। কিন্তু চলতি অর্থবছরে এ খাতে বরাদ্দ ৫ শতাংশে নেমে এসেছে।
সাত্তার মণ্ডল বলেন, বিশ্বব্যাংক এতোদিন কৃষি খাতকে তেমন গুরুত্ব দেয়নি। এখন তারা ভুল বুঝতে পেরে আগের নীতি থেকে সরে এসছে। এটা অবশ্যই ইতিবাচক।
তিনি বলেন, বাংলাদেশের কৃষি খাতে এখন সঙ্কট চলছে। সঙ্কট কাটাতে এ খাতে অধিক বিনিয়োগের বিকল্প নেই। সরকাররের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে সরকারকে চালকের আসনে বসে বিনিয়োগের ক্ষেত্র তৈরির জন্য একটি কার্যকর সময়োপযোগী নীতিমালা তৈরি করতে হবে।
মশিউর রহমান বলেন, কৃষি খাতে ব্যাংক ঋণের সুদের হার ৫ শতাংশে নামিয়ে আনতে হবে। এছাড়া কৃষির কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা দেওয়া উচিৎ।
বার্ড ফ্লুর কারণে পোল্ট্রি শিল্পের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে দ্রুত পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/টিএইচ/জেকে/১৯১২ ঘ.
bdnews24