ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাজারে মুরগির দাম কমলেও হঠাৎ করেই বেড়ে গেছে চিনির দাম। বার্ড ফ্লু ভীতিতে মানুষ মুরগি কেনা কমিয়ে মাছ বাজারে ভিড় করায় বিক্রেতারা মাছের দাম বাড়িয়ে দিয়েছেন। বেড়েছে ভোজ্য তেলের দামও। শুক্রবার রাজধানীর শ্যামলী কৃষি মার্কেট ও কাঁচাবাজার ঘুরে বাজার দর জানাচ্ছেন মোশতাক আহমেদ।
ব্রয়লারের মুরগী কেজি প্রতি পাঁচ থেকে ১০ টাকা পর্যন্ত কমে ৮০ থেকে ৮৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মোহাম্মদপুর কৃষি মার্কেটের মুরগির দোকানে গিয়ে দেখা গেছে দাম লেখা আছে কেজি প্রতি ৯০ টাকা। কিন্তু বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়।
দোকানি কৃষ্ণ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন "বার্ড ফ্লু ভীতির জন্য মানুষ মুরগি কম কিনছে, এজন্য দামও কমেছে।"
শ্যামলী কাঁচাবাজরের মুরগী বিক্রেতা নিজামউদ্দিন জানান, গত সপ্তাহের চেয়ে দশ টাকা কম ধরে মুরগি বিক্রি করতে হচ্ছে। গত সপ্তাহেও কেজি প্রতি ৯০ টাকায় বিক্রি করেছি।
এদিকে হঠাৎ করেই বেড়েছে চিনির দাম। গত সপ্তাহেও চিনির কেজি ছিল ২৯ থেকে ৩১ টাকা। কিন্তু দাম বেড়ে এখন তা ৩৩ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশনের মূল্য তালিকায় আগের সপ্তাহে চিনির দাম ছিল ৩০ থেকে ৩১ টাকা যা এ সপ্তাহে বেড়ে ৩৩ থেকে ৩৫ টাকা হয়েছে। এছাড়া ঢাকা মহানগরীর নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দরের তালিকায়ও এ সপ্তাহে চিনির দাম ৩২ থেকে ৩৪ টাকা উল্লেখ করা হয়েছে।
টিসিবির তালিকায় সয়াবিন তেলের দাম আগের সপ্তাহের চেয়ে কেজিপ্রতি ৬/৭ টাকা বাড়ার কথা জানানো হয়ছে। খোলা সয়াবিন তেল খুচরা বাজারে কেজি প্রতি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। আর এক লিটার বোতলের দাম ১০৪ টাকা।
মুরগির দাম কমলেও মাছের দাম বেড়েছে। কৃষি মার্কেটে বড় আকারের রুই মাছের কেজি ২০০টাকা, নলা মাছ বিক্রি হচ্ছে ১২০ টাকায়, কাতল মাছ ২৫০ টাকা, ইলিশ মাছ ৩২০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। দেশী কই বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩০০ থেকে ৩৫০ টাকায়। আর চাষের কই বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়। শিং মাছের কেজি ৪০০ এবং মাগুর মাছ ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি করা হচ্ছে।
বাজারে মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছেই। এক ক্রেতার কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে ক্ষোভ প্রকাশ করে বলেন, "প্রতিক্রিয়া দিয়ে কি হবে সবাই অবস্থা দেখছে। এভাবে চলা যায় না।"
কৃষি মার্কেটে চালের দোকানে গিয়ে দেখা গেছে চালের দামের তেমন ওঠা-নামা হয়নি। কনফিডেন্স রাইস মিলস এজেন্সির চাল বিক্রেতা নেছার আহমেদ রাজু জানান, বাজারে মিনিকেট চাল মানভেদে ৪২ থেকে ৪৪ টাকায় বিক্রি হচ্ছে। নাজিরশাইল ৩৮ থেকে ৪৪, দেশি ও ভারতীয় মোটা চাল ৩০ টাকা, স্বর্না চাল ৩৩ থেকে ৩৪ টাকায় বিক্রি হচ্ছে।
তিনি বলেন "ভারত থেকে চাল আনার বিষয়টি এখনও বাজারে প্রভাব ফেলেনি। হয়ত পরে পড়তে পারে।"
এছাড়া কৃষি মার্কেট এবং শ্যামলীর কাজী অফিসের পাশের কাঁচা বাজারে গরুর মাংসের দাম ছিল কেজি প্রতি ১৮০টাকা।
শাক-সবজির দাম বাজার এবং মানভেদে কিছুটা পার্থক্য লক্ষ্য করা গেছে। কৃষি মার্কেটের সবজি বিক্রেতা শামীম জানান, গোল বেগুন কেজি প্রতি ২৮ টাকা, সাদা বেগুন বিশ টাকা এবং লম্বা বেগুন ২৪ টাকায় বিক্রি করছেন।
এছাড়া টমেটো ২০ টাকা, শিম মানভেদে ১৬, ২০ ও ২৪ টাকা, লাল আলু ১৬ ও সাদা আলু ১১ থেকে ১২টাকা, ফুলকপি (বড়) ২০ টাকায় বিক্রি হচ্ছে। মরিচের কেজি ২০ থেকে ২৫ টাকা এবং পেয়াজের দাম ১৫ থেকে ১৬ ও রসুন ৪০ টাকায় বিক্রি হচ্ছে। শ্যামলীর কাঁচাবাজারে টমেটো বিক্রি হচ্ছে ১৬ টাকায়। বেগুন ১৬ টাকা থেকে ২৪ টাকায় বিক্রি হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/টিএইচ/এমএ/১৫৫৫ঘ.
bdnews24