ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাংকের হিসাবে, দেশের রাজনৈতিক পরিস্থিতি অনুকূল থাকলে এবং বোরোর ফলন ভালো হলে চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধির হার ৬ থেকে ৬ দশমিক ২ শতাংশের মধ্যে থাকবে। ব্যাংকের ত্রৈমাসিক (অক্টোবর-ডিসেম্বর) প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
রোববার বিকেলে মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কামাল মুজেরী ও অর্থনৈতিক উপদেষ্টা হাবিবুল্লাহ বাহার এতে বক্তব্য রাখেন।
প্রতিবেদনে বলা হয়, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে সাময়িক মন্দাভাবের কারণে চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি ৬ থেকে ৬ দশমিক ২ শতাংশের মধ্যে থাকবে বলে কেন্দ্রীয় ব্যাংক আগেই পূর্বাভাস দিয়েছিল। কিন্তু এই প্রবৃদ্ধি অর্জন করতে হলে অবকাঠামো ও আর্থিক খাতে সরকারের চলমান সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং এক কোটি ৭৫ লাখ টন বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য পর্যাপ্ত সার, বিদ্যুৎ, ডিজেল ও ভালো মানের বীজ সরবরাহ নিশ্চিত করতে হবে।
তবে রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে না থাকলে এবং বোরোর বাম্পার ফলন না হলে কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে কি না জানতে চাইলে মোস্তফা কামাল মুজেরী বলেন, ''আমরা আশা করছি, নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং বোরো উৎপাদনও ভালো হবে। এসব দিক বিবেচনায় রেখেই ৬ থেকে ৬ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে বলে কেন্দ্রীয় ব্যাংক আশা করছে।''
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, 'পর পর দুই দফা বন্যা, ঘূর্ণিঝড়, স্থানীয় উৎপাদনে সাময়িক বাধা এবং আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে দেশের অর্থনীতিতে এক ধরনের ধীর গতি পরিলক্ষিত হচ্ছিল। কিন্তু সেই মন্থরতা কেটে গিয়ে অর্থনীতি আবার গতিশীলতা ফিরে পেয়েছে।'
এতে বলা হয়, 'চলতি বছরের অক্টোবর-ডিসেম্বর সময়ে কৃষি ও শিল্প খাতে ঋণ প্রবাহ, শিল্প খাতের কাঁচামাল আমদানি, শিল্প উৎপাদন সূচক, চট্টগ্রাম বন্দরের কার্গো চলাচল বৃদ্ধি এবং রেমিটেন্সের প্রবাহ থেকে প্রমাণিত হয় যে, দেশের অর্থনীতি তার স্বাভাবিক গতি ফিরে পেয়েছে।'
গত অর্থবছর (২০০৬-০৭) প্রবৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৫ শতাংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এমএইচবি/২২২৫ ঘ.
bdnews24