২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভ্যন্তরীণ নৌ-কন্টেইনার টার্মিনাল নির্মাণের দরপত্র অনুমোদন

ঢাকার অদূরে কেরানীগঞ্জের পানগাঁওয়ে দেশের প্রথম অভ্যন্তরীণ নৌ-কন্টেইনার টার্মিনালের নির্মাণের দরপত্র অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2008, 04:20 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার অদূরে কেরানীগঞ্জের পানগাঁওয়ে দেশের প্রথম অভ্যন্তরীণ নৌ-কন্টেইনার টার্মিনালের নির্মাণের দরপত্র অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ। ১৫৪ কোটি টাকা ব্যয়ে টার্মিনালটি তৈরি করবে নৌ-পরিবহন মন্ত্রণালয়। বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলামের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এ তথ্য জানান। দক্ষিণ কেরানীগঞ্জের কুন্দা ইউনিয়নের পানগাঁওয়ে প্রায় ৯০ একর জমির উপর নির্মাণ করা হবে এই টার্মিনাল। ১২ বছর আগে ১৯৯৫ সালে বিএনপি সরকারে শেষ সময়ে প্রধানমন্ত্রী খালেদা জিয়া এ টার্মিনাল নির্মাণের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন। কিন্তু পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে প্রকল্পটি বাতিল করা হয়। এরপর বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় এসে প্রকল্পের কাজ আবার শুরুর উদ্যোগ নেয়। একনেকে অনুমোদনের পর প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের কাজও সম্পন্ন করা হয়। কিন্তু এরপর আর কাজ হয়নি। ওই সময় প্রকল্পের কার্যপত্রে উল্লেখ করা হয়েছিল, বুড়িগঙ্গা সেতুর কাছে এই টার্মিনালটি নির্মিত হলে নদী পথে চট্রগ্রাম, মংলা ও ঢাকার মধ্যে কন্টেইনার আনা নেওয়া খুবই সহজ হবে। পরিবহন খরচও তুলনামূলকভাবে অনেক কম হবে। আমদানি-রপ্তানি বাণিজ্য তথা দেশের অর্থনীতিতে এই নৌ-টার্মিনালটি ইতিবাচক ভূমিকা রাখবে। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের রুয়াইস ফার্টিলাইজার কোম্পানি থেকে সরকারি উদ্যোগে ৫০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির জন্য জাহাজভাড়া সংক্রান্ত প্রস্তাব এবং ১২৮ কোটি টাকা ব্যয়ে ৩০ হাজার মেট্রিক টন রক ফসফেট আমদানির প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। প্রতি টন ইউরিয়া সার আমদানির জন্য জাহাজভাড়া বাবদ খরচ ৯৫ দশমিক ৬৭ মার্কিন ডলার। সে হিসাবে ৫০ হাজার টন ইউরিয়া সার আমদানির জন্য সরকারের প্রায় ৩৩ কোটি টাকা ব্যয় হবে। তবে বৈঠকে ৫০ হাজার মেট্রিক টন টিএসপি ও ৪৫ হাজার টন এমওপি সার আমদানি সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়নি। দরপত্রে অতিরিক্ত দাম থাকায় এ দুটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়নি বলে জানান অর্থ উপদেষ্টা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএইচবি/২১৪৫ ঘ.