ঢাকা, ফেব্র"য়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমুনা অয়েল ও মেঘনা মেঘনা পেট্রোলিয়াম শেয়ার কেনার ব্যাপারে বিনিয়োগকারীদের আগ্রহের কারণে বুধবারও পুঁজিবাজারের সূচকে চাঙাভাব ছিল। সরকারি তেল কোম্পানি দুটো ছাড়াও মিউচুয়াল ফান্ড, ব্যাংক ও বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দামও এদিন বেড়েছে। তবে লেনদেন আগের দিনের তুলনায় কমেছে।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৯৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ৩৭২ কোটি টাকা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন আগের দিনের ৬৫ কোটি ৮৬ লাখ ৩৫ হাজার টাকা থেকে কমে ৪০ কোটি ৪৫ লাখ ৮১ হাজার টাকা হয়।
এদিকে বুধবার যমুনা ও মেঘনার শেয়ারের মোট লেনদেনের পরিমাণ ছিল ডিএসইতে ৪৩ কোটি ৬০ লাখ টাকা এবং সিএসইতে ১১ কোটি ৫৬ লাখ ৪০ হাজার টাকা।
ডিএসই'র প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমেদ খান জানান, যমুনা ও মেঘনার শেয়ারর কেনার প্রতি বিনিয়োগকারীদের অতি আগ্রহ বাজারের অনিশ্চয়তায় আরও ঘি ঢেলেছে।
তিনি বলেন, "আজ (বুধবার) মোট লেনদেন অনেক কমলেও গতকালের মতোই লেনদেনের শীর্ষে ছিল মেঘনা ও যমুনা।"
পুঁজিবাজার বিশ্লেষক ইয়াওয়ের সাইদ বলেন, "তেল কোম্পানির শেয়ারের ব্যাপারে বিনিয়োগকারীদের অতিরিক্ত আগ্রহের বিষয়টি বাদ দিলে বাজারের সার্বিক অবস্থা গ্রহণযোগ্য। এই অতি আগ্রহই বাজারকে অনিশ্চিত করে তুলেছে।"
দিনের শুরুতে সাধারণ সূচক অনেকখানি বাড়লেও, এক ঘণ্টা পর এই ঊর্ধ্বগতি থেমে যায়। দিনের বাকিটা সময় সূচক প্রায় স্থিতিশীল ছিল। দিনের শেষভাগে তা আবার কিছুটা বাড়ে ।
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ২২ দশমিক ০৩ পয়েন্ট বা দশমিক ৭৫ শতাংশ বেড়ে ২৯৪৪ দশমিক ৬৬ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১৭ দশমিক ১০ পয়েন্ট বা দশমিক ৬৯ শতাংশ বেড়ে হয়েছে ২৪৮০ দশমিক ০১ পয়েন্ট। এছাড়া ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক এক দশমিক ৩৩ পয়েন্ট বা দশমিক ০৫ শতাংশ বেড়ে ২৩৪৮ দশমিক ৩৮ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে ১৬১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত ছিল ১৯টির দাম।
লেনদেনের তালিকার শীর্ষে থাকা যমুনা অয়েলের শেয়ারের দাম ২ দশমিক ৮২ শতাংশ বেড়ে হয়েছে ৩৬৮ টাকা ১০ পয়সা। মেঘনা পেট্রোলিয়ামের শেয়ারের দাম ১০ দশমিক ২৪ শতাংশ বেড়ে ৩৬৯ টাকা ২০ পয়সা হয়েছে।
গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম ৮ দশমিক ৩৪ শতাংশ বেড়ে ১২৩ টাকা ৩০ পয়সায় পৌঁছায়। এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম ৫ দশমিক ৪৯ শতাংশ বেড়ে ৯ টাকা ৯৮ পয়সা হয়।
ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম দশমিক ৩১ শতাংশ বেড়ে ১৪৪২ টাকা ৭৫ পয়সা হয়েছে। এছাড়া এবি ব্যাংক, লঙ্কা বাংলা ফাইন্যান্স, এস আলম কোল্ড রোলড স্টিল ও ন্যাশনাল ব্যাংকের শেয়ারেরও দাম বেড়েছে। তবে সামিট পাওয়ারের শেয়ারের দাম কমেছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব শেয়ার সূচক ঊর্ধ্বমুখী ছিল। এ বাজারে ১০০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৩২টির দাম কমেছে এবং ৪টির দাম অপরিবর্তিত ছিল।
সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৬৪ দশমিক ৪৮ পয়েন্ট বা দশমিক ৮৬ শতাংশ বেড়ে ৭৫০৩ দশমিক ৭৯ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৪৩ দশমিক ৮৫ পয়েন্ট বা দশমিক ৯১ শতাংশ বেড়ে হয়েছে ৪৮২২ দশমিক ৫৮ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ১২ দশমিক ৪৬ পয়েন্ট বা দশমিক ১৮ শতাংশ বেড়ে ৬৬৮০ দশমিক ৪৮ পয়েন্ট হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/জেকে/২০৩২ ঘ.
bdnews24