২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেন বাড়ায় পুঁজিবাজার চাঙা

সরকারি তেল কোম্পানি, মিউচুয়াল ফান্ড, বিদ্যুৎ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের ভালো লেনদেনের মধ্য দিয়ে সোমবার শেয়ার বাজার ছিল চাঙা। এদিন লেনদেন ৩০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2008, 04:17 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

ঢাকা, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকারি তেল কোম্পানি, মিউচুয়াল ফান্ড, বিদ্যুৎ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের ভালো লেনদেনের মধ্য দিয়ে সোমবার শেয়ার বাজার ছিল চাঙা। এদিন লেনদেন ৩০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এদিকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) মার্চেন্ট ব্যাংকগুলোর মার্জিন লোন ছাড়ের বিষয়ে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এখন থেকে মার্চেন্ট ব্যাংকগুলো সম্পদের সমপরিমাণ মার্জিন লোন দিতে পারবে। আগামী ১০ ফেব্র"য়ারি থেকে এ আদেশ কার্যকর হবে। গত ২৫ নভেম্বর এসইসি মার্চেন্ট ব্যাংকগুলোর ঋণ দেওয়ার ওপর নিয়ন্ত্রণ আরোপ করে ঋণ গ্রহীতার মূল সম্পদের অর্ধেক পরিমাণ ঋণ দেওয়ার বিধান চালু করে। এসইসি নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আর্থিক সমন্বয় ব্যবস্থার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর বাজার স্বাভাবিক আচরণ করায় মার্জিন লোনের ওপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ৩০ জানুয়ারি আর্থিক সমন্বয় ব্যবস্থার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় এসইসি। ওই দিনই পুঁজিবাজারে অব্যাহত দরপতনের কারণে ডিএসইতে বিক্ষোভ করে খুচরা বিনিয়োগকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক আবু আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "এই পদক্ষেপগুলো বাজারকে সাময়িকভাবে স্থিতিশীল করলেও দীর্ঘ মেয়াদে তেমন কোনো ভালো ফল বয়ে আনবে না।" বাজারে অংশগ্রহণকারী মার্চেন্ট ব্যাংক, অংশগ্রহণকারী, মধ্যস্ততাকারীসহ সব পক্ষের সমন্বয়ের ওপর জোর দেন তিনি। আবু আহমেদ বলেন, "বাজারকে আরও টেকসই করতে আরও বেশি ভালোমানের শেয়ার ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ দরকার।" অন্যদিকে, পুঁজিবাজার বিশ্লেষক ইয়াওয়ের সাইদ বলেছেন, "বাজারকে আরও পরিপক্কতা অর্জন করতে হবে। আমাদের বাজার অনেক বেশি জল্পনা নির্ভর যা মোটেও ভালো নয়। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও মার্চেন্ট ব্যাংকের অংশগ্রহণ বাড়াতে এসইসিকে পদক্ষেপ নিতে হবে।" সোমবার দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৪৯ দশমিক ৬৭ পয়েন্ট বা এক দশমিক ৭১ শতাংশ বেড়ে ২৯৩৯ দশমিক ৯২ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৩৭ দশমিক ০৯ পয়েন্ট বা এক দশমিক ৫৮ শতাংশ বেড়ে হয়েছে ২৪৭৬ দশমিক ৯২ পয়েন্ট। ডিএসই- ২০ ব্লুচিপ শেয়ার সূচক ৩৭ দশমিক ০৯ পয়েন্ট বা এক দশমিক ৫৮ শতাংশ বেড়ে ২৩৮০ দশমিক ৯৫ পয়েন্ট হয়। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৪৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ১৫৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত ছিল ১৩টির দাম। লেনদেনের তালিকার শীর্ষে থাকা যমুনা অয়েলের শেয়ারের দাম ২ দশমিক ৮৫ শতাংশ বেড়ে হয়েছে ৩৪২ টাকা ৩০ পয়সা। এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম ৩ দশমিক ২৯ শতাংশ বেড়ে ৯ টাকা ৭৩ পয়সা হয়। মেঘনা পেট্রোলিয়ামের শেয়ারের দাম ২ দশমিক ২৯ শতাংশ বেড়ে ৩২৯ টাকা ৯০ পয়সায় পৌঁছায়। এবি ব্যাংকের শেয়ারের দাম দশমিক ৪৬ শতাংশ বেড়ে ২৬৫২ টাকা ৭৫ পয়সা হয়। অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে ব্র্যাক ব্যাংক, সামিট পাওয়ার, লঙ্কা বাংলা ফাইন্যান্স, আইএফআইসি ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের শেয়ারের দামও বেড়েছে। ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল সেন্ট্রাল ইন্সুরেন্স, রিলায়েন্স ইন্সুরেন্স, আল আমিন কেমিক্যালস, ওয়াটা কেমিক্যালস ও আইসিবি ফার্স্ট এনবিআর মিউচুয়াল ফান্ড। লোকসানিদের তালিকায় শীর্ষে ছিল রাঙ্গামাটি ফুডস, রহিমা ফুডস, ম্যাক পেপার, বিডি জিপার ইন্ডাস্ট্রিজ ও বঙ্গজ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক ঊর্ধ্বমুখী ছিল। সিএসইতে ৬৩ কোটি ১২ লাখ ৬৭ হাজার টাকার ৭৬ লাখ ৫১ হাজার ৯১৭টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ১০২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ২৪টির দাম কমেছে এবং আটটির দাম অপরিবর্তিত ছিল। সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৯৮ দশমিক ৮৯ পয়েন্ট বা এক দশমিক ৩৮ শতাংশ বেড়ে ৭৪৮৫ দশমিক ৮২ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৬৬ দশমিক ৩৫ পয়েন্ট বা এক দশমিক ৩৯ শতাংশ বেড়ে হয়েছে ৪৮১০ দশমিক ৫৬ পয়েন্ট। এছাড়া সিএসই- ৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৭৭ দশমিক ৯২ পয়েন্ট বা এক দশমিক ১৬ শতাংশ বেড়ে ৬৭৪২ দশমিক ২৩ পয়েন্ট হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এসএনডি/২১৫৪ ঘ.