ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় ভর্তুকি খাতে যে অর্থ সাশ্রয় হবে তা বিদ্যুৎ খাতে বিনিয়োগ করতে নির্বাচিত নতুন সরকারকে পরামর্শ দিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।
অর্থনীতি ক্ষেত্রে ১৬টি চ্যালেঞ্জ চিহ্নিত করে তা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নতুন সরকারকে পরামর্শ দিয়েছেন প্রায় দুবছর ক্ষমতায় থাকা তত্ত্বাবধায়ক সরকারের এ উপদেষ্টা।
তত্ত্বাবধায়ক সরকারে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালনের অভিজ্ঞতার আলোকে বুধবার 'বাংলাদেশের অর্থনীতির হালনাগাদ পরিস্থিতি:অর্জন ও চ্যালেঞ্জ'-শীর্ষক এক সংবাদ সম্মেলনে মির্জ্জা আজিজ এ পরামর্শ দেন।
সংবাদ সম্মেলনে তিনি তত্ত্বাবধায়ক সরকারের গত দুই বছরের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরেন।
উপদেষ্টা বলেন, "বর্তমানে দেশের সামষ্টিক অর্থনীতির ভিত যথেষ্ট মজবুত পর্যায়ে রয়েছে। নানা বাধা-বিপত্তি সত্ত্বেও চলতি ২০০৮-০৯ অর্থ বছরে ৬ শতাংশের ওপরে জিডিপি প্রবৃদ্ধি (মোট দেশজ উৎপাদন) অর্জিত হবে। গত কয়েক মাস ধরে মূল্যস্ফীতি দুই অঙ্কের নিচে অবস্থান করছে। দেশি-বিদেশি বিনিয়োগ, রপ্তানি আয়, রেমিটেন্স প্রবাহ, রাজস্ব আয়সহ অর্থনীতির প্রধান সূচকগুলো ইতিবাচক। জ্বালানি তেল ও খাদ্যপণ্য আমদানি খাতে ব্যয় অনেক কমে গেছে।"
সবমিলিয়ে দেশের অর্থনীতি এখন একটি সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত আছে বলে মত দেন আজিজুল ইসলাম।
অর্থনীতির এ 'ইতিবাচক' ধারা অব্যাহত রাখতে আগামী সরকারের জন্য ১৬টি চ্যালেঞ্জ তুলে ধরেন তিনি। তার পরামশর্, দায়িত্ব গ্রহণের পর থেকেই এই চ্যালেঞ্জগুলো বাস্তবায়ন করতে হবে।
চ্যালেঞ্জগুলো হচ্ছে-বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কটের প্রভাব মোকাবিলার জন্য সরকারি খাতে বিনিয়োগ বাড়ানো, কাঙ্খিত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে সার্বিক তদারকি ব্যবস্থা জোরদার করা, বিদ্যুৎ, জ্বালানিসহ অবকাঠামো খাতে সরকারি বিনিয়োগ বৃদ্ধি, চলতি অর্থ বছরের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় পরিচালিত কর্মসূচিসমূহ আগামী ২০০৯-১০ অর্থ বছরেও অব্যাহত রাখা, অভ্যন্তরীণ সম্পদ আহরণের ওপর জোর দেওয়া (আয়কর ও ভ্যাটের আওতা বাড়ানোর মাধ্যমে রাজস্ব আদায় বাড়াতে হবে), ২০০৮-০৯ অর্থ বছরের বাজেটের আয় ও ব্যয়ের ভারসাম্য বজায় রাখা, মানব সম্পদ ও তথ্য প্রযুক্তি খাতকে অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ প্রদান অব্যাহত রাখা; রাজস্ব প্রশাসনের দক্ষতা বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল করতে মূলধনী যন্ত্রপাতি ও বিনিয়োগ সহায়ক নীতি বিবেচনায় আনা, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি পুষিয়ে নিতে এ সংক্রান্ত তহবিলের পরিমাণ বৃদ্ধি, আঞ্চলিক বৈষম্য দূর করতে অনগ্রসর ও পশ্চাদপদ অঞ্চলসমূহকে অগ্রাধিকার দিয়ে সরকারি বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি তেলের ভর্তুকি খাতে সাশ্রয়কৃত অর্থ বিদ্যুৎ খাতে বিনিয়োগ, রাষ্ট্রায়ত্ত খাতের লোকসান ও ভর্তুকি কমাতে দক্ষতা বৃদ্ধি, মূল্যের সামঞ্জস্য বিধান এবং এগুলোর ব্যবস্থাপনায় সরকার ও ব্যক্তিখাতের অংশীদারিত্ব প্রতিষ্ঠা, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশী পণ্যের প্রতিযোগিতায় টিকে থাকতে টাকার বিনিময় হার 'যৌক্তিক' পর্যায়ে রাখা, অনুৎপাদনশীল খাতে ঋণের প্রবাহ কমিয়ে উৎপাদনশীল খাতে বৃদ্ধি, আর্থিক খাতের, বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকিং খাতের সংস্কার অব্যাহত রাখা ও ব্যাংকগুলোর কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি করা এবং স্টক মার্কেট বিধি-বিধানসমূহ সময়োপযোগী করা ও নজরদারি বাড়ানো।
বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কট দীর্ঘস্থায়ী হলে আমাদের অর্থনীতিতে এর প্রভাব পড়বে বলে আবারো সতর্ক করে দিয়ে অর্থ উপদেষ্টা বলেন, "এ পরিস্থিতি মোকাবিলার জন্যই সরকারি খাতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন।"
বিশ্বায়নের এ যুগে কোন অর্থনীতিকেই বিশ্ব ব্যবস্থার বিরূপ প্রতিক্রিয়া থেকে সম্পূর্ণ আগলে রাখা সম্ভব নয় মন্তব্য করে বিশ্ব অর্থনীতির গতি-প্রকৃতি এবং সূচক নিয়মিতভাবে পর্যবেক্ষণ করার তাগিদ দেন তিনি।
বিদ্যুৎ খাতে বিনিয়োগ বাড়ানোর ব্যাপারে মির্জ্জা আজিজ বলেন, "আমাদের অর্থনীতির বিকাশের সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে বিদ্যুৎ। যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর দিকে সবার আগে দৃষ্টি দিতে হবে।"
দুই বছর সরকারের গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে আপনার ব্যর্থতা কি-এ প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, "সফলতা-ব্যর্থতার বিষয়টি আমি ব্যাখ্যা করতে চাই না। তবে এ কথা ঠিক যে, জিডিপি প্রবৃদ্ধি যদি ৭ থেকে ৮ শতাংশে উন্নীত করতে পারতাম এবং মূল্যস্ফীতি ৫ থেকে ৬ শতাংশে নেমে আসতো, তাহলে আমি খুবই খুুশি হতাম।"
দুই বছরে দ্রব্যমূল্য বৃদ্ধি তত্ত্বাবধায়ক সরকারের ব্যর্থতা ছিল কিনা- এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আন্তর্জাতিক বাজার এবং দেশে পর পর দু দফা বন্যা ও ঘুর্ণিঝড়ের কারণে দ্রব্যমূল্য বেড়েছিল। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমরা (সরকার) নানামুখি পদক্ষেপ নিয়েছিলাম।"
এখন তার ফল পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
যে সরকারই ক্ষমতায় আসুক - অর্থমন্ত্রী হওয়ার আমন্ত্রণ পেলে গ্রহণ করবেন কি না- এ প্রশ্নের উত্তরে মৃদু হেসে আজিজুল ইসলাম বলেন, "এটা হাইপোথেটিক্যাল (অনুমাননির্ভর) প্রশ্ন। এ প্রশ্নের উত্তর আমি দেবো না।"
রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অর্থ সচিব মোহাম্মদ তারেক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ, পরিকল্পনা সচিব জাফর আহমেদ চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২০১৩ঘ.
bdnews24