আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাকা, ভিসা-পাসপোর্ট, স্ট্যাম্পের মতো করদাতা সনাক্তকরণ নম্বর (টিআইএন) সনদও জাল হচ্ছে। সম্প্র্রতি বিপুল সংখ্যক জাল টিআইএন সনদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বিষয়টি নিয়ে আলোচনার জন্য সোমবার জরুরি বৈঠক ডাকা হয়েছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান।
কর্মকর্তারা বলছেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) উত্তরা ও পূর্বাঞ্চল প্রকল্পে প্লট বরাদ্দের ক্ষেত্রে টিআইএন নম্বর থাকা বাধ্যতামূলক করায় অনেকেই 'ঝামেলা এড়াতে' জাল টিআইএন সনদ জমা দিয়েছেন। এমনকি খোদ জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রেও এ ধরনের জালিয়াতি করা হয়েছে।
এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ রোববার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা অনুসন্ধান চালিয়ে দেখেছি, রাজউকের প্লট, ব্যাংক ঋণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে জাল টিআইএন সনদ জমা দেওয়া হচ্ছে। এ বিষয়টি বন্ধ করতেই সোমবার সরকারের সংশ্লিষ্ট সব সংস্থা ও ব্যাংকগুলোর প্রধানদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
এনবিআরের সব কমিশনার, সরকারি-বেসরকারি সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিদের এ বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
আবদুল মজিদ জানান, বিভিন্ন ক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে যে টিআইএন সনদ জমা দেওয়া হয় সেগুলো এনবিআরের সঙ্গে আলাপ করে ভালোভাবে যাচাই-বাছাই করা হলেই ভুয়া সনদ সনাক্ত করা সম্ভব।
বিষয়টি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হবে বলে জানান তিনি।
নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এতদিন ব্যাংক থেকে ঋণ গ্রহণ ও টেন্ডার জমা দেওয়ার ক্ষেত্রে ভুয়া সনদ জমা দেওয়ার ঘটনা ঘটত। তবে এবার সংসদ ও উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রেও এ ধরনের কিছু ঘটনা ঘটেছে। আর রাজউকের প্লটের জন্য আবেদনপত্রের সঙ্গে ভুয়া সনদ জমা দেওয়ার ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি।"
গত ৭ ডিসেম্বর এনবিআর সদস্য আহমেদ আলী এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য কমিশনে জমা পড়া ২৪৫৬টি মনোনয়নপত্রের মধ্যে ৮৯১ জন প্রার্থীরই টিআইএন নেই।
চলতি ২০০৮-০৯ অর্থ বছরের বাজেটে সাধারণ নাগরিকদের জন্য করমুক্ত আয়ের সীমা নির্ধারণ করা হয় এক লাখ ৬৫ হাজার টাকা। আর নারী ও বয়ষ্কদের ক্ষেত্রে এ সীমা এক লাখ ৮০ হাজার টাকা।
এনবিআরের তথ্য অনুযায়ী, দেশে টিআইএনধারী করদাতার সংখ্যা মাত্র ২২ লাখের কিছু বেশি। এর মধ্যে সাড়ে ৬ লাখ করদাতা চলতি বছর (১২ নভেম্বর পর্যন্ত) তাদের আয়কর বিবরণী জমা দিয়েছেন।
ওয়ান ইলেভেনের পর প্রতিষ্ঠিত নতুন সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের গৃহীত সংস্কারমূলক কাজের অন্যতম লক্ষ্য ছিল করদাতার সংখ্যা বাড়িয়ে রাজস্ব আয় বৃদ্ধি। এর আওতায় পুরষ্কার ঘোষণাসহ নানাধরণের সুবিধা ঘোষণা করা হয়েছে।
টিআইএন থাকলেই যে আয়করের হিসাব জমা দিতে হবে- এমন বাধ্যবাধকতা নেই। যারা উপার্জনের পরিমাণের দিক থেকে আয়করের আওতায় পড়েন কেবল তাদের ক্ষেত্রেই এটি বাধ্যতামূলক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এসকে/২২০৫ঘ.
bdnews24