২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরের চার্জ কমানোর দাবি বিজিএমইএ'র

চট্টগ্রাম বন্দরের বিভিন্ন সেবার চার্জ ও ভাড়া কমানোর আহবান জানিয়েছে তৈরি পোশাক রপ্তানিকারকদের সমিতি বিজিএমইএ। এ ব্যাপারে নৌ পরিবহন উপদেষ্টা এম এ মতিনের হস্তক্ষেপ চেয়ে গত বৃহস্পতিবার একটি চিঠি পাঠিয়েছেন বিজিএমইএ'র ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2008, 07:22 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বিভিন্ন সেবার চার্জ ও ভাড়া কমানোর আহবান জানিয়েছে তৈরি পোশাক রপ্তানিকারকদের সমিতি বিজিএমইএ। এ ব্যাপারে নৌ পরিবহন উপদেষ্টা এম এ মতিনের হস্তক্ষেপ চেয়ে গত বৃহস্পতিবার একটি চিঠি পাঠিয়েছেন বিজিএমইএ'র ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলাম। এতে বলা হয়, গত ২১ জুন কোনো ধরনের আলোচনা ছাড়াই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চার্জ তিনশ শতাংশ এবং ভাড়া চারশ শতাংশ বৃদ্ধি করে। এ কারণে পোশাক রপ্তানির ক্ষেত্রে বন্দরের খরচ আগের তুলনায় অনেক বেড়ে গেছে এবং পোশাক রপ্তানিকারকরা অন্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। চিঠিতে আরও বলা হয়, বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার কারণে এমনিতেই পোশাকের রপ্তানি মূল্য কমে গেছে। এ অবস্থায় এতো উচ্চ হারে বন্দরের চার্জ পরিশোধ করে রপ্তানি অব্যাহত রাখা সবার জন্য সম্ভব নয়। বিজিএমইএ পরিচালক মাহবুব চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চার্জ বাড়ানোর কারণে কেবল পোশাক শিল্পই নয়, সব খাতেই নেতিবাচক প্রভাব পড়ছে।" তিনি বলেন, "সংস্কারের নামে বন্দরে চার্জ ছয়বার বৃদ্ধি করায় দ্রব্যমূল্য বৃদ্ধিতেও তা প্রভাব রাখছে। একটি সেবাদানকারী প্রতিষ্ঠানে এ ধরনের অযৌক্তিক চার্জ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।" কর্মকর্তারা জানান, গত জুন থেকে পর্যায়ক্রমে ছয় দফায় বিভিন্ন চার্জ বাড়ানো হয়। ২০ ফুট কন্টেইনারের ভাড়া দেড় ডলার থেকে ছয় ডলার এবং ৪০ ফুট কন্টেইনারের ভাড়া তিন ডলার থেকে ১২ ডলার করা হয়। এছাড়া এফসিএল কন্টেইনারের আমদানি পণ্যের চার্জ ৪০৮ টাকা থেকে ৮১৬ টাকা এবং রপ্তানির ক্ষেত্রে ১৮৪ থেকে ৩৬৮ টাকা করা হয়। আর এলসিএল কন্টেইনারের আমদানি ও রপ্তানি পণ্যের চার্জ সাড়ে ১৫ টাকা থেকে বাড়িয়ে করা হয় ৩৪ টাকা ১০ পয়সা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/জেকে/০১০০ ঘ.