ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনকে আরো ব্যবসা-বান্ধব করতে সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলোর কাছ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব চেয়েছে রেগুলেটরি রিফর্মস কমিশন (আরআরসি)।
আগামী ১০ দিনের মধ্যে তাদের এসব প্রস্তাব দিতে হবে।
বৃহস্পতিবার কমিশন কার্যালয়ে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন সংশোধন সম্পর্কিত উপ-কমিটির বৈঠক শেষে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অপূর্ব কুমার বিশ্বাস সাংবাদিকদের এ কথা জানান।
সিইও অপূর্ব কুমার বিশ্বাস জানান, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ১৯৪৭ এর ১৮ (এ) ও (বি) ধারা সংশোধনের জন্য ব্যবসায়ী সংগঠনগুলো আবেদন করেছিল। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশনের গঠিত একটি উপ-কমিটি ইতোমধ্যে দু'টি সভা করেছে। আগামী মাসের মাঝামাঝি সময়ে কমিটি বাংলাদেশ ব্যাংকে আরো একটি সভায় বসবে। সেখানেই বিষয়টি চূড়ান্ত করা হবে।
তিনি বলেন, "ব্যবসায়ীরা ধারা দুটোকে ব্যবসা প্রতিবন্ধক বললেও ব্যাংক কর্তৃপক্ষ এটিকে বহাল রাখার পক্ষে যুক্তি তুলে ধরেছেন। কর্তৃপক্ষ বলছেন, বাংলাদেশ একটি ক্ষুদ্র অর্থনীতির দেশ। এখানে আর্থিক বিষয়গুলোর ওপর আইনগত কর্তৃত্ব না থাকলে যে কোনো মুহূর্তে অর্থনৈতিক বিপর্যয় হতে পারে। তাই আইনটি বহাল রেখেই কি করে এর বিধিগুলোকে ব্যবসা-বান্ধব করা যায়, সে ব্যাপারে ব্যবসায়ীদের কাছ থেকে দশ দিনের মধ্যে প্রস্তাব চাওয়া হয়েছে। তাদের প্রস্তাবের ভিত্তিতেই বিধিগুলোকে আরো ব্যবসা-বান্ধব করা হবে।"
সভায় অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব প্রিয়তোষ সাহা, আইন মন্ত্রণালয়ের উপ-সচিব রেজা আলী, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক খন্দকার খালিদুর রহমান, বায়িং হাউজ অ্যাসোসিয়েশন সভাপতি কাইয়ুম রেজা চৌধুরী, আমেরিকান চেম্বার সদস্য নূর মোহাম্মদ ডিকন, এফআইসিসিআই মহাসচিব এমএ মতিন, ইনডেনটিং এজেন্টস অ্যাসোসিয়েশন সভাপতি ওবায়দুর রহমানসহ কয়েকটি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এসকে/১৮৫০ঘ.
bdnews24