ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার প্রধান দুই রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহার মূল্যায়ন করবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।
সোমবার রাজধানীর পূর্বানী হোটেলে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের এনআরবি (অনাবাসী বাংলাদেশী) শাখা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন উপদেষ্টা।
গত দুই বছরে অর্থনৈতিক ক্ষেত্রে নেওয়া সংস্কার কর্মসূচির কোনো প্রতিফলন প্রধান দুই রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে ঘটেছে কিনা জানতে চাইলে এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, "অনেক কিছুরই প্রতিফলন ঘটেছে। তবে এ ব্যাপারে আমি এখন বিস্তারিত কিছু বলতে পারবো না। আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বড় দুই দলের নির্বাচনী ইশতেহার সম্পর্কে সরকারের মতামত জানানো হবে।"
অর্থ উপদেষ্টা বলেন, "গত কয়েক বছরে রেমিটেন্স প্রবাহে 'ড্রামাট্রিক সাকসেস' এসেছে। আর এই রেমিটেন্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এমনকি রপ্তানি আয়ের চেয়েও আমাদের অর্থনীতিতে রেমিটেন্সের অবদান বেশি।"
প্রবাসীদের পাঠানো রেমিটেন্সকে দেশের দারিদ্র্য বিমোচনে কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, "রেমিটেন্সের একটি অংশ কৃষি, এসএমই ও কৃষি নির্ভর শিল্পে বিনিয়োগ হলে জিডিপি প্রবৃদ্ধি (মোট দেশজ উৎপাদন) বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে।"
রেমিটেন্সের অর্থ যাতে উৎপাদনশীল খাতে বিনিয়োগ করা হয় সেজন্য ব্যাংকগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান অর্থ উপদেষ্টা।
কাজের উদ্দেশ্যে যে সব শ্রমিক বিদেশে যায় তাদের জামানত ছাড়া ঋণ দেওয়ার বিষয়টি ব্যাংকগুলোকে বিবেচনা করার আহ্বান জানিয়ে মির্জ্জা আজিজ বলেন, "অনেকে জমি-বাড়িঘর বিক্রি করে কাজের জন্য বিদেশে যায়। পরে যখন টাকা-পয়সা উপার্জন করে দেশে ফিরে আসে তখন ওই বাড়ি-ঘর জমিজমা কিন্তু আর ফিরে পায় না। অথচ বিদেশে গিয়ে কাজ করে টাকা পাঠিয়ে দেশের অর্থনীতিতে তারা অবদান রাখছেন। এক্ষেত্রে যারা বৈধভাবে কাজের জন্য বিদেশে যায়, তাদের ব্যাংক জামানত ছাড়া কম সুদে ঋণ দিতে পারে।"
জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস এম আমিনুর রহমান জানান, প্রবাসে বসবাসকারী গ্রাহকদের সুবিধার্থে জনতা ব্যাংক দেশে প্রথমবারের মতো এনআরবি শাখা চালু করেছে। ঢাকার মতিঝিল বাণিজ্যিক এলাকায় জনতা ব্যাংক ভবনের তৃতীয় তলায় এ নতুন শাখার কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে এ ধরনের আরও অনেক শাখা খোলা হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অর্থ সচিব মোহাম্মদ তারেক, জনতা ব্যাংক চেয়ারম্যান সোহেল আহমেদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আমিনুর রহমান, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান কামালউদ্দিন আহমেদ, স্কলার্স বাংলাদেশ ডটকম-এর সভাপতি এমই চৌধুরী শামিম। অনুষ্ঠানে কয়েকজন প্রবাসী বাংলাদেশীও (এনআরবি) বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/টিএইচ/এসকে/১৯৩২ঘ.
bdnews24