২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়া, চীন, ভারত বিদেশে বিনিয়োগে সবচেয়ে বেশি ঘুষ দেয়: টিআই

রাশিয়া, চীন, মেক্সিকো ও ভারতের মতো উঠতি শিল্পোন্নত দেশগুলোর প্রতিষ্ঠানগুলো বিদেশে বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঘুষ দিয়ে থাকে বলে মঙ্গলবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) এক প্রতিবেদনে জানানো হয়েছে। বার্লিন ভিত্তিক দুর্নীতি-গবেষণা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সরাসরি বিদেশে বিনিয়োগকারী শীর্ষ ২২টি দেশের ওপর গবেষণার তথ্যের ভিত্তিতে ঘুষদাতা সূচক (বিপিআই) ২০০৮ প্রকাশ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2008, 01:26 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ঢাকা, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাশিয়া, চীন, মেক্সিকো ও ভারতের মতো উঠতি শিল্পোন্নত দেশগুলোর প্রতিষ্ঠানগুলো বিদেশে বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঘুষ দিয়ে থাকে বলে মঙ্গলবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) এক প্রতিবেদনে জানানো হয়েছে। বার্লিন ভিত্তিক দুর্নীতি-গবেষণা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সরাসরি বিদেশে বিনিয়োগকারী শীর্ষ ২২টি দেশের ওপর গবেষণার তথ্যের ভিত্তিতে ঘুষদাতা সূচক (বিপিআই) ২০০৮ প্রকাশ করে। প্রতিবেদনে জানানো হয়, বিশ্বের ৭৫ শতাংশ সরাসরি বৈদেশিক বিনিয়োগ ও পণ্য রপ্তানি প্রবাহ নিয়ন্ত্রণ করে এই দেশগুলো। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। বিপিআই ২০০৮ সূচকে সবচেয়ে কম ঘুষদাতা হিসেবে চিহ্নিত হয়েছে বেলজিয়াম ও কানাডা। দেশ দুটি ১০ পয়েন্টের মধ্যে সর্বোচ্চ ৮ দশমিক ৮ পয়েন্ট করে পেয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে এই দুটো দেশের প্রতিষ্টানগুলো সরাসরি বৈদেশিক বিনিয়োগ বা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে কম ঘুষ দেয়। ঘুষ দাতা হিসেবে শীর্ষে রয়েছে রাশিয়া। বিপিআই ২০০৮ সূচকে মাত্র ৫ দশমিক ৯ পয়েন্ট পেয়ে তালিকার সর্বনিম্ন স্থানে অবস্থান করছে তারা। রাশিয়ার ওপরে রয়েছে যথাক্রমে চীন (৬ দশমিক ৫), মেক্সিকো (৬ দশমিক ৬) ও ভারত (৬ দশমিক ৮)। আগের বিপিআই সূচকটি প্রকাশিত হয়েছিলো ২০০৬ সালে। বিশ্বের ২৬টি দেশের ২ হাজার ৭৪২জন শীর্ষ সিনিয়র ব্যবসায়ী কর্মকর্তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২০০৮ সালের বিপিআই তালিকা তৈরি করা হয়। টিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ঘুষদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আবাসন খাতের নির্মাতা প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি দুর্নীতি করে। বিশেষ করে সরকারি কর্মকর্তাদের সঙ্গে কাজ করার সময় তারা সবচেয়ে ঘুষের প্রলোভন দেয় এবং এজন্য তারা রাজনীতিবিদ ও সরকারের বিভিন্ন মহলের প্রভাব ব্যবহারের চেষ্টা করে। টিআইয়ের চেয়ারম্যান হিউগেটে লাবেলে বলেন, "দুর্নীতির বিরূপ প্রভাব ও সুমান নষ্ট হওয়ার ব্যাপারে সচেতনতা থাকার পরও বিদেশে বিভিন্ন ব্যবসার দরপত্র জিততে ও ব্যবসা পেতে এই বড় রপ্তানিকারক দেশগুলো এখনও ঘুষ ও দুর্নীতির আশ্রয় নিচ্ছে।" এই ঘুষ দেয়া বন্ধ করতে আইনপ্রয়োগ আরো কঠোর করতে সরকারগুলোর প্রতি পরামর্শ দিয়েছেন তিনি। টিআই বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, "উন্নয়নশীল দেশগুলো দুর্নীতি থেকে বেরিয়ে আসতে পারছে না আর উন্নত দেশগুলো ওইসব দেশের আইন ও প্রাতিষ্ঠানিক দুর্বলতার সুযোগ নিচ্ছে- এই চিত্র খুবই হতাশাজনক। বিপিআই সূচক এটাই আবারো প্রমাণ করলো যে, দুর্নীতি একটি বৈশ্বিক সমস্য এবং এই সমস্যা মোকাবেলায় আন্তর্জাতিকভাবে পদক্ষেপ নেয়া দরকার।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/টিএইচ/জিএনএ/১৯২২ ঘ.