২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলতি মাসে তেলের দাম আরেকদফা কমতে পারে: ম তামিম

চলতি মাসের মধ্যে জ্বালানি তেলের দাম আরো একদফা কমাতে পারে সরকার। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠা-নামা পর্যবেক্ষণ সাপেক্ষে এ দাম নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2008, 03:03 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি মাসের মধ্যে জ্বালানি তেলের দাম আরো একদফা কমাতে পারে সরকার। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠা-নামা পর্যবেক্ষণ সাপেক্ষে এ দাম নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম। রোববার পেট্রোবাংলা আয়োজিত 'বাপেক্স: বিয়ন্ড হরাইজন, স্ট্র্যাটেজি প্ল্যান টু ডেভলপ বাপেক্স ইনটু এ সেলফ সাসটেইনিং ই অ্যান্ড পি কোম্পানি' শীর্ষক সিম্পোজিয়াম শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। অধ্যাপক ম তামিম বলেন, "এ মাসের মধ্যে তেলের দাম কমার সম্ভাবনা থাকতে পারে। দাম কমানোর জন্য তেলের কমদাম কিছুদিন ধরে থাকতে হবে। একদিন থাকলে হবে না। আমাদের কিছু পর্যবেক্ষণ করতে হবে।" তামিম বলেন, বাইরে কমার সঙ্গে সঙ্গে কমিয়ে দেওয়ার পর দাম আবার বেড়ে গেলে আবার বাড়িয়ে দেওয়া সম্ভব নয়। তিন মাসের যে গড় মূল্য নির্ধারণ করা হবে তা পরবর্তী তিন মাস বহাল থাকবে। এ সময়ে যদি দাম বেড়ে যায় তাহলেও পুরনো মূল্য বহাল থাকবে। তিনি বলেন, "দেশে তেলের দাম নির্ধারণের ক্ষেত্রে আর একটি বিবেচনার বিষয় হচ্ছে ভারতে তেলের দাম। আমরা যদি ৩০ টাকা লিটার নির্ধারণ করি, আর ভারতে ৫০ টাকা লিটার হয় তাহলে অর্ধেক তেল পাচার হয়ে চলে যাবে। এটিই বাস্তবতা।" প্রধান উপদেষ্টার সহকারী জানান, রাষ্ট্রীয় তেল গ্যাস অনুসন্ধান সংস্থা বাপেক্সকে স্বনির্ভর করতে সরকার ৭ বছর মেয়াদে ৩ হাজার ২০০ কোটি টাকা দেবে। কূপ খনন কাজে ব্যবহারের জন্য একটি নতুন রিগ কেনা এবং চারটি উন্নয়ন প্রকল্পের অনুকুলে ইতোমধ্যে প্রায় ৯০০ কোটি টাকা ছাড় করা হয়েছে। কাপাসিয়া, সুন্দলপুর, শ্রিকাইল ও সেমুতাং গ্যাসক্ষেত্রে বাপেক্স কূপ খনন কাজ চালাবে বলে উল্লেখ করেন তিনি। তামিম বলেন বাপেক্সকে সরকার একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায়। সরকারের সাত বছর মেয়াদী পরিকল্পনা অনুযায়ী এ কোম্পানি একটি শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সিম্পোজিয়ামে মূল প্রবন্ধ পড়েন বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক ইমাদউদ্দীন। তিনি বলেন, "পরিকল্পনা মতো সবকিছু হলে বাপেক্স ২০১৫ সালের মধ্যে ৬০০ কোটি ডলার মূল্যের বাড়তি গ্যাস যোগান দিতে পারবে। অবশ্য তার জন্যও দরকার হবে গ্যাসের দাম বাড়ানোসহ দক্ষ জনশক্তি।" জ্বালানি সচিব মুহম্মদ মহসীন ও পেট্রোবাংলা চেয়ারম্যান জালাল আহমেদও সিম্পোজিয়ামে বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/এসকে/২০৫৫ঘ.