২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি বেতন না বাড়ালে দক্ষ প্রশাসন অসম্ভব: অর্থ উপদেষ্টা

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম শনিবার বলেছেন, সরকারি কর্মকর্তাদের বেতন-ভাতা না বাড়ালে দক্ষ প্রশাসন গড়ে তোলা কোনোভাবেই সম্ভব নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2008, 03:54 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম শনিবার বলেছেন, সরকারি কর্মকর্তাদের বেতন-ভাতা না বাড়ালে দক্ষ প্রশাসন গড়ে তোলা কোনোভাবেই সম্ভব নয়। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 'দেশের জিডিপি প্রবৃদ্ধি সর্বোচ্চ পরিমাণে বাড়ানোর লক্ষ্যে বেসরকারি খাতের ভবিষ্যৎ প্রস্তাবনা'-শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, "এক সময় সরকারি কর্মকর্তারা সবচেয়ে বেশি বেতন পেতেন। কিন্তু এখন তারা সবচেয়ে কম বেতন পান। বেসরকারি পর্যায়ে একজন কর্মকর্তা যেখানে ৫০ থেকে ৬০ হাজার টাকা বেতন পান, সেখানে সরকারি কর্মকর্তারা পান ১০ থেকে ১২ হাজার টাকা। দেশের বর্তমান বাস্তবতায় যতদিন না সরকারি কর্মকর্তাদের বেতন কাঙ্খিত পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হবে, ততদিন পর্যন্ত দক্ষ প্রশাসন গড়ে তোলা সম্ভব নয়- এটা আমি ১০০ ভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি।" ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই) এ সেমিনারের আয়োজন করে। এ অনুষ্ঠানে ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশে শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই) ৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে আগামী নির্বাচিত সরকারের কাছে ১৩৮ দফা সুপারিশ উপস্থাপন করে। সেমিনারে জাতীয় স্বার্থে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে একটি সম্মানজনক সমঝোতার মাধ্যমে মূলনীতি প্রণয়ন ও বাস্তবায়নের জন্য আগামী নতুন সরকারের জন্য পরামর্শ রাখেন অর্থ উপদেষ্টা। এতদিনেও একটি কয়লা নীতি প্রণয়ন করতে না পারাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে মির্জ্জা আজিজ বলেন,"নানা মত পার্থক্যের কারণে আমরা এটা পারিনি। খুবই ভালো মানের কয়লা থাকার পরও আমরা তা ব্যবহার করতে পারছি না। উল্টো আমাদের ভারত থেকে কয়লা আমদানি করে বিদ্যুৎ উৎপাদনের কথা ভাবতে হচ্ছে।" দেশের স্বার্থ বিবেচনায় রেখে একটি কয়লা নীতি প্রণয়নের জন্য আগামী নির্বাচিত সরকারের প্রতি অনুরোধ রাখেন তিনি। এফবিসিসিআই সভাপতি আনিসুল হকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। বিদেশি বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী নেতারা বিনিয়োগ বোর্ডকে শক্তিশালী করার দাবি জানালে অর্থ উপদেষ্টা বলেন, "শুধু বিনিয়োগ বোর্ড শক্তিশালী করলে বিদেশি বিনিয়োগ বাড়বে- এমন ভাবা উচিৎ হবে না। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হলে গ্যাস, বিদ্যুৎসহ অন্যান্য অবকাঠামো খাতের উন্নয়ন জরুরি। আগামী নির্বাচিত সরকারকে এ ব্যাপারে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে।" রেহমান সোবহান বলেন, "নানা ঝড়-ঝাপটার পরও গত কয়েক বছর ধরে দেশে ৬ শতাংশের বেশি হারে প্রবৃদ্ধি হয়েছে। কিন্তু এই প্রবৃদ্ধির সুষম বণ্টন হচ্ছে না। এ কারণে দারিদ্র্য বিমোচনেরও কাক্সিক্ষত সুফল পাওয়া যাচ্ছে না।" প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছে দিতে আগামী সরকারকে পরামর্শ দেন তিনি। ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, "আমাদের অর্থনীতির একটি অন্তর্নিহিত শক্তি আছে। অর্থনৈতিক সুশাসন নিশ্চিত করা গেলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব।" সাবেক কৃষি মন্ত্রী ও বিএনপি নেতা এম কে আনোয়ার বলেন, "কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে আমাদের উন্নয়নের ভিত রচনা করতে হবে। মনে রাখতে হবে- কৃষিকে বাদ দিয়ে শুধু শিল্প খাতের উন্নয়ন করলে সে উন্নয়ন টেকসই হবে না।" বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান বলেন, "দুর্নীতি দমনকে নির্বাচিত সরকারকে এক নম্বর এজেন্ডা হিসেবে নিতে হবে। তা না হলে সব অর্জনই বিফলে যাবে। ব্যবসায়ী নেতারা অভিযোগ করে থাকেন, হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে রাজনীতিবিদরা দেশের মানুষকে জিম্মি করে। কিন্তু জিনিসপত্রের দাম বাড়িয়ে ব্যবসায়ীরা যে মানুষকে জিম্মি করে সে কথা তারা একবারও বলেন না।" অন্যান্যের মধ্যে বাংলাদেশের ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, অর্থ সচিব মোহাম্মদ তারেক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক কাজী সাহাবউদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি লতিফুর রহমান, বিজিএমএই সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, বিটিএমএ সভাপতি আবদুল হাই সরকার, সিপিডি'র নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, বর্তমান সহ-সভাপতি শেকিল আহমেদ, অর্থনীতিবিদ আবু আহমেদ, এফবিসিসিআই সহ-সভাপতি আবুল কাশেম সেমিনারে বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এসকে/২১৪৫ঘ.