ঢাকা, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাট শিল্প ধ্বংসের জন্য 'দায়ী ও অভিযুক্ত' হিসেবে আইএমএফ ও বিশ্বব্যাংকসহ অন্য প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় ও তাদের বিচারের মুখোমুখি করার পরামর্শ দিয়েছে বস্ত্র ও পাট শিল্প গণতদন্ত কমিশন।
একইসঙ্গে পাট ব্যবসা ও পাট শিল্পের বিরাষ্ট্রীয়করণ ও এ খাতে বিনিয়োগবিরোধী সব আইন, অধ্যাদেশ ও নীতিমালা বাতিল এবং রাষ্ট্রীয়ভাবে অধিগ্রহণ বা জাতীয়করণসহ ১২ দফা সুপারিশ প্রণয়ন করেছে তারা।
পাট ও বস্ত্রশিল্প গণতদন্ত কমিশনের চেয়ারম্যান বিচারপতি গোলাম রাব্বানী বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন এবং সুপারিশ প্রকাশ করেন।
কমিশনের প্রকাশিত প্রতিবেদনে পাট ও বস্ত্রশিল্পে সৃষ্ট সঙ্কটের জন্য বেশ কিছু সুনির্দিষ্ট কারণ চিহ্নিত করা হয়েছে।
এগুলো হচ্ছে- পরিসংখ্যাপত্র তৈরি না করেই জাতীয়করণ, বিভিন্ন সময়ে রাষ্ট্রপতির দেওয়া বিভিন্ন আদেশ, ক্ষতিপূরণ দেওয়া ও শ্রম আইন, ১৯৭৩ সালের শিল্প নীতি, ১৯৭৫ সালের বিনিয়োগ নীতি, ১৯৭৫ সালের সংশোধিত শিল্প নীতি, ১৯৭৭ সালের শিল্প নীতি, ১৯৮২ সালের শিল্প নীতি ও ১৯৯১ সালের শিল্প নীতি, বিশ্বব্যাংক ও আইএমএফ এর 'হস্তক্ষেপ', বিশ্বব্যাংকের সঙ্গে ১৯৯৪ সালের পাটখাত সমন্বয় ঋণ চুক্তি, ১৯৯৯ সালের শিল্প নীতি এবং পাট ব্যবসার নামে 'পুঁজি কামানোর' চেষ্টা।
প্রতিবেদনে পাট ও বস্ত্র শিল্পকে বিপন্ন করা এবং এসব খাতে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও সন্ত্রাসের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার নির্বাহী বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী সব ব্যক্তি, বিশ্বব্যাংক ও আইএমএফ এবং এসব প্রতিষ্ঠানের সহযোগী হিসেবে কর্মরত পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারি ও শ্রমিক নেতাকে দায়ী হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কমিশনের সদস্য প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, ড. কাজী খলিকুজ্জামান আহমদ, নূর মোহাম্মদ, শহীদুল্লাহ চৌধুরী ও অধ্যাপক ড. শামছুল আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এসকে/০০৪৭ঘ.
bdnews24