২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে পর্যটন মানচিত্রে তুলে ধরতে 'কান্ট্রি ব্র্যান্ডিং' এর উদ্যোগ

পর্যটকদের কাছে বাংলাদেশকে জনপ্রিয় করার লক্ষ্যে 'কান্ট্রি ব্র্যান্ডিং' কার্যক্রম শুরু করা হচ্ছে। শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ আনুষ্ঠানিকভাবে কান্ট্রি ব্র্যান্ডিং এর লোগো ও থিম উদ্বোধন করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2008, 01:16 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পর্যটকদের কাছে বাংলাদেশকে জনপ্রিয় করার লক্ষ্যে 'কান্ট্রি ব্র্যান্ডিং' কার্যক্রম শুরু করা হচ্ছে। শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ আনুষ্ঠানিকভাবে কান্ট্রি ব্র্যান্ডিং এর লোগো ও থিম উদ্বোধন করবেন। বৃহস্পতিবার রাজধানীর হোটেল অবকাশে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পর্যটন করপোরেশন চেয়ারম্যান শফিক আলম মেহেদী এ কথা জানান। শফিক আলম মেহেদেী বলেন, "পৃথিবীর পর্যটন সমৃদ্ধ সব দেশই তাদের জাতীয় পরিচয় কান্ট্রি ব্র্যান্ডিংয়ের মাধ্যমে তুলে ধরে। কিন্তু এই কাজটি গত ৩৭ বছরে আমরা করতে পারিনি। আমরা এখনো হাটি হাটি পা পা করে চলেছি। পর্যটন হতে পারতো বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান মাধ্যম। কর্মসংস্থানের অন্যতম ক্ষেত্র।" পর্যটনের ক্ষেত্রে অনন্য বৈশিষ্ট্যের অধিকারী হয়েও প্রয়োজনীয় পদক্ষেপের অভাবে এ খাতে সফলতা আসেনি অভিমত দিয়ে তিনি বলেন, "কান্ট্রি ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বাংলাদেশের পর্যটন শিল্প দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে বলে আমরা আশা করছি।" পর্যটন শিল্পের উন্নয়নে শিগগিরই রাষ্ট্র পরিচালিত বাংলাদেশ পর্যটন করপোরেশনকে ঢেলে সাজিয়ে 'ডিপার্টমেন্ট অব ট্যুরিজম' ও পর্যটন আইন প্রণয়ন করা হবে বলেও তিনি জানান। তবে আগেই ব্র্যান্ডিং এর লোগো ও শ্লোগান সম্পর্কে কিছু জানাতে অপারগতা প্রকাশ করে মেহদী বলেন, "বাংলাদেশের অভিজ্ঞ ও খ্যাতিম্যান ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ কমিটি কান্ট্রি ব্র্যান্ডিংয়ের লোগো ও থিম নির্ধারণ করেছেন।" দেশের পরিচিতিমূলক লোগো ও থিম নির্ধারণের আগে জনগণের মতামত নেওয়ার দরকার ছিল কিনা এ প্রশ্নের জবাবে পর্যটন করপোরেশন চেয়ারম্যান বলেন, "এটা আগে বাজারে আসুক। পরিবর্তনের অবকাশ তো থাকছেই।" বাংলাদেশ পর্যটন করপোরেশনের ও বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংক যৌথভাবে কান্ট্রি ব্র্যান্ডিং-এর আয়োজন করেছে। স্থানীয়ভাবে প্রচারের কাজ করবে বাংলালিংক। মেহেদী জানান, বিদেশে কান্ট্রি ব্র্যান্ডিং করার জন্য তারা উপযুক্ত সহযোগী খুঁজছেন। সংবাদ সম্মেলনে বাংলালিংকের জনসংযোগ বিভাগের প্রধান সোলায়মান আলমসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভিন্ন দেশ পর্যটন শিল্প বিকাশের জন্য বিশ্বে তাদের জাতীয় পরিচয় তুলে ধরতে যে প্রচার কর্মসূচি চালায় সেটাই মূলত কান্ট্রি ব্যান্ডিং। ব্র্যান্ডিং প্রচার প্রতিষ্ঠান ফিউচার ব্র্যান্ড পরিচালিত সূচকে ২০০৮ সালের শীর্ষ 'কান্ট্রি ব্র্যান্ড' অস্ট্রেলিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/টিএইচ/এসকে/১৯০৯ঘ.