মারুফ মল্লিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্বালানি বিষয়ক প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি উদ্যোগে বিবিয়ানা ও সিরাজগঞ্জে প্রতিটি সাড়ে চারশ মেগাওয়াটের দুটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য পুনরায় দরপত্র আহ্বানের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বিদ্যুৎ বিভাগের সচিব এম ফাওজুল কবির খান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিবিয়ানা ও সিরাজগঞ্জে বেসরকারি উদ্যোগে দুটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য পুনঃদরপত্র আহ্বানের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ভোলায় দেড়শ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র দ্রুত বাস্তবায়নেরও নির্দেশ দেওয়া হয়েছে।"
দরপত্র প্রক্রিয়ার কাগজপত্র চূড়ান্ত করতে মন্ত্রণালয় পাওয়ার সেলের মহাপরিচালক আব্দুল জলিলকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি করেছে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যেই কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিদ্যুৎ বিভাগ জানায়, হবিগঞ্জের বিবিয়ানায় ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের একমাত্র দরদাতা প্রতিষ্ঠান ছিলো মালয়েশীয় কোম্পানি পাওয়ারটেক কনসোর্টিয়াম। উচ্চমূল্যের কারণে গত মাসে পাওয়ারটেকের প্রস্তাব বাতিল করে দেয় ক্রয় সংক্রাস্ত উপদেষ্টা পরিষদ কমিটি। কমিটি নতুন দরপত্র আহ্বানেরও নির্দেশ দেয়। এর আগে অক্টোবর মাসেও কমিটি এটি পুর্নমূল্যায়নের নির্দেশ দেয়। পাওয়ারটেক প্রতি কিলোওয়াট/ঘণ্টা বিদ্যুতের দাম চেয়েছে ৪ ডলার ৩৯ সেন্ট।
বিবিয়ানা-৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য প্রাথমিকভাবে চারটি প্রতিষ্ঠানকে কারিগরিভাবে নির্বাচিত করে পাওয়ার সেল। এর মধ্যে শুধু পাওয়ারটেক কনসোর্টিয়াম চূড়ান্ত পর্যায়ে দরপ্রস্তাব দাখিল করে। কনসোর্টিয়ামের অপর দুই অংশীদার হচ্ছে দক্ষিণ কোরিয়ার সরকারি প্রতিষ্ঠান কোরিয়ান ইলেক্ট্রিক পাওয়ার কোম্পানি (কেপকো) ও জার্মানির সিমেন্স।
সিরাজগঞ্জ-৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্যও শেষ পর্যন্ত টিকে ছিল পাওয়ারটেক। আগামী ৩১ জানুয়ারি দরপত্র জমা দেওয়ার শেষ দিন। তবে প্রাক দরপত্রে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে পাওয়ারটেক ছাড়া অন্য কোম্পানিগুলো দরপত্রে অংশ নেবে না বলে ইতোমধ্যেই পাওয়ার সেলকে জানিয়ে দিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে বিদ্যুৎ বিভাগের উর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " পাওয়ারটেক যদি শেষ পর্যন্ত সিরাজগঞ্জের জন্য দরপত্র জমা দিতো তাহলে দুটি কেন্দ্রের জন্যই একমাত্র দরদাতা প্রতিষ্ঠান হতো তারা। সে হিসেবে সিরাজগঞ্জের ক্ষেত্রেও বিবিয়ানার মতো অবস্থা হতে পারে। তাই সিরাজগঞ্জের জন্য নতুন দরপত্র আহ্বান করতে বলা হয়েছে।"
তিনি বলেন, "এবার দরপত্র প্রক্রিয়া সহজ করার চিন্তাভাবনা করা হচ্ছে। বিশেষ করে অর্থের উৎস চিহ্নিত করা এবং কারিগরি বিষয়গুলো সহজ করা হবে। এতে করে অনেক প্রতিষ্ঠানই দরপত্রে অংশ নিতে পারবে।"
সিরাজগঞ্জ-৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রাক-বাছাইয়ে মনোনীত বাকি তিনটি প্রতিষ্ঠান ছিলো- এইএস করপোরেশন (যুক্তরাষ্ট্র), পাওয়ারটেক বেরহাড (মালয়েশিয়া) ও কোরিয়া ইলেকট্রিক পাওয়ার করপোরেশন (দক্ষিণ কোরিয়া)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/এসকে/১৮৩৭ঘ.
bdnews24