২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বব্যাংক, আইএমএফ ও এডিবি'র কর্মকাণ্ড বন্ধের 'রায়'

বাংলাদেশে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার রায় দিয়েছে তাদের কথিত অন্যায় কার্যক্রমের বিচার করতে গঠিত এক গণ ট্রাইব্যুনাল। >>গণট্রাইব্যুনালের' রায় পড়তে ক্লিক করুন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2008, 03:15 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার রায় দিয়েছে তাদের কথিত অন্যায় কার্যক্রমের বিচার করতে গঠিত এক গণ ট্রাইব্যুনাল। 'বিশ্বব্যাংক-আইএমএফ-এডিবি গণট্রাইব্যুনাল' নামে এ ট্রাইব্যুনাল একইসঙ্গে বাংলাদেশে এই তিন বহুজাতিক সংস্থার এ পর্যন্ত করা সব কাজকে 'বেআইনি ও দুষ্কর্ম' ঘোষণা করে এগুলো বাস্তবায়নে দেশের ভেতরের সহায়তাকারীদের শাস্তি দিতে সরকারকে 'নির্দেশও' দিয়েছে। জাতীয় প্রেস ক্লাবে সোমবার বিকেলে তিন আন্তর্জাতিক সংস্থার কার্যক্রমের ওপর প্রায় আড়াইঘণ্টা শুনানি শেষে বিচারপতি গোলাম রাব্বানী এ রায় দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন সিরাজুল ইসলাম চৌধুরী, শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, কামাল লোহানী, সৈয়দ আবুল মকসুদ, ড. আকমল হোসেন ও সেলিনা হোসেন। রায়ে বলা হয়, ২০০৭ সালের ৩ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংক-আইএমএফ-এডিবি গণট্রাইব্যুনাল জাতীয় প্রস্তুতি কমিটি গঠিত হয়। কমিটির সদস্যরা দেশের বিভিন্ন অঞ্চলের ভুক্তভোগী মানুষের কাছ থেকে অভিযোগ সংগ্রহ করে। এছাড়া, বিভিন্ন পর্যায়ে অনুসন্ধান ও গবেষণা পরিচালনা করে তথ্য সংগ্রহ করা হয়। এসবের ভিত্তিতে সাতটি অভিযোগনামা প্রস্তুত করা হয় এবং সেগুলো ট্রাইবুনালকে দেওয়া হয়। শুনানিতে দেশের কৃষিখাতে বহুজাতিক সংস্থা তিনটির 'নেতিবাচক' কর্মকাণ্ডের অভিযোগ করেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি। এছাড়া পাটখাতে সেন্টার ফর ল রিসার্চ অ্যান্ড সাপোর্টের আহ্বায়ক শাহ আলম, শিল্পখাতে অধ্যাপক এম এম আকাশ, ব্যাংক খাতে চবি অধ্যাপক ড. মঈনুল ইসলাম, শিক্ষা খাতে বজলুর রশীদ ফিরোজ, স্বাস্থ্য খাতে ডা. মুশতাক হোসেন ও জ্বালানি খাতে জাবি অধ্যাপক আনু মুহাম্মদ অভিযোগ উপস্থাপন করেন। দুই পৃষ্ঠার লিখিত রায়ে বিচারপতি গোলাম রাব্বানী বলেন, 'ট্রাইবুনাল মনে করে বিশ্বব্যাংক, আইএমএফ ও এডিবি'র ধ্বংসাত্মক নীতি, প্রকল্প ও বেআইনি কার্যকলাপের ফলে বাংলাদেশের বিশাল আর্থিক ও সামাজিক ক্ষতি হয়েছে। একটি বিশেষজ্ঞ কমিটি দিয়ে এই বিশাল অর্থনৈতিক ও সামাজিক ক্ষতির সুষ্ঠু পরিমাপ করতে হবে এবং তিন সংস্থাকেই তা দায় হিসেবে পরিশোধ করতে হবে। এ ট্রাইব্যুনাল বিশ্বব্যাংক ও তার সহযোগীদের সম্মিলিতভাবে এসব ক্ষতি ও অপরাধের জন্য দোষী সাব্যস্ত করছে এবং এ সব ক্ষেত্রে পুঞ্জিভূত মোট ক্ষতির পরিমাপ ও তা আদায়ের জন্য সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিচ্ছে।' রায়ে আরো বলা হয়, এদেশে নিজেদের ও নিজেদের নিয়ন্ত্রক 'প্রভুদের' এজেন্ডা কার্যকর করার জন্য শুরু থেকেই বিশ্বব্যাংক ও তার সহযোগী সংগঠনগুলো অনেক কৌশলের আশ্রয় নিয়েছে। দেশের প্রচলিত আইনে সেগুলো বেআইনি। তাই অবিলম্বে সংস্থাগুলোর অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে হবে। অন্যথায় এদেশ থেকে সমস্ত কার্যকলাপ তাদের গুটিয়ে ফেলে চলে যেতে হবে। বিচারপতি রাব্বানী জানান, শুনানিতে উপস্থিত থাকার জন্য গত ২৩ নভেম্বর বিশ্বব্যাংক, আইএমএফ ও এডিবি'র ঢাকা কার্যালয়কে নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু সংস্থাগুলোর কোনো প্রতিনিধি না আসায় আগের সিদ্ধান্ত অনুযায়ী একতরফা শুনানি হয়েছে। গণ ট্রাইব্যুনাল বলেছে, বিশ্বব্যাংক ও তার সহযোগী দুই সংগঠন আইএমএফ ও এডিবি তথাকথিত 'বৈদেশিক সাহায্যের' লোভ দেখিয়ে বা তা বন্ধ করার হুমকি দিয়ে বাংলাদেশের সরকারগুলোর উপর জনস্বার্থ বিরোধী 'উন্নয়ন কৌশল' চাপিয়ে দিয়েছে। এর মাধ্যমে দেশীয় শিল্প একের পর এক ধ্বংস হয়েছে, অসংখ্য চালু রাষ্ট্রায়ত্ত কলকারখানা থেকে বিপুল শ্রমিক ছাটাই হয়েছে। পানি, বিদ্যুৎ ও সারসহ নিত্যপ্রয়োজনীয় সেবা ও পণ্যের দাম অত্যাধিক বেড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এসকে/২১০৭ঘ.