ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাবে বাংলাদেশের রপ্তানি কমতে পারে বলে বিশ্বব্যাংকের দেওয়া পুর্বাভাস এবার নাকচ করে দিয়েছে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।
বিকেএমইএ সভাপতি ফজলুল হক দাবি করেছেন, মন্দার কারণে নিটওয়্যার খাতে রপ্তানি কমার সম্ভাবনা নেই।
শুক্রবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নিটওয়্যার শিল্পের যন্ত্রপাতির মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "বিশ্ব অর্থনৈতিক মন্দার ফলে নিটওয়্যার খাতের রপ্তানি গত বছরের তুলনায় কমার কোনও সুযোগ নেই।"
ফজলুল হক বলেন, "চলতি অর্থবছরের প্রথম তিন মাসে আমাদের প্রবৃদ্ধির হার প্রায় ৪৫ শতাংশ। আগামী চার মাসের যে পুর্বাভাস আমাদের কাছে রয়েছে তাতেও রপ্তানি কমার কোনও লক্ষণ নেই। তাহলে বিশ্বব্যাংক কীভাবে একথা বলে?"
তিনি বলেন, "আমাদের নিটওয়্যার রপ্তানির প্রধান বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো। যেহেতু সেখানে অর্থনৈতিক মন্দা চলছে তাই রপ্তানিতে কিছুটা আশঙ্কা রয়েছেই। তবে মন্দার কারণে রপ্তানি যদি কমেও তাহলেও চলতি অর্থবছরে নিটওয়্যার খাতে রপ্তানি প্রবৃদ্ধির হার ১২ থেকে ১৫ শতাংশের মধ্যে থাকবে।"
গত বুধবার বিশ্বব্যাংকের অর্থনীতিবিদ বিনয় স্বরূপ বলেছিলেন, আগামী দিনগুলোতে বাংলাদেশের অর্থনীতিতে বিশ্ব অর্থনীতির মন্দাবস্থার নেতিবাচক প্রভাব অবশ্যই পড়বে। বিশেষ করে রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহে বড় ধরনের প্রভাব পড়বে।
তিনি আরও বলেছিলেন, চলতি অর্থবছরে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি কমবে শূন্য দশমিক দুই শতাংশ আর রেমিটেন্স প্রবাহে প্রবৃদ্ধি কমবে এক দশমিক এক শতাংশ। তাই চলতি অর্থবছরের বাজেটে জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ শতাংশ ধরা হলেও তা কমে আসবে ৫ দশমিক ৪ শতাংশ থেকে ৪ দশ ৮ শতাংশে।
এর আগে এ পুর্বাভাসের সমালোচনা করেছেন অর্থ উপদেষ্টা মির্জ্জা এবি আজিজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ ও তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।
বিশ্বব্যাংক উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব পুর্বাভাস দেয় বলে মন্তব্য করেছেন বিকেএমইএ সভাপতি।
তিনি বলেন, "২০০৪ সালেও তারা (বিশ্বব্যাংকের কর্মকর্তারা) বলেছিলেন পোশাক রপ্তানির ক্ষেত্রে কোটা ব্যবস্থা তুলে দেওয়ার পর বাংলাদেশের অর্ধেক কারখানা বন্ধ হয়ে যাবে। কিন্তু সেটা না হয়ে উল্টো আরও বেড়েছে।"
বিকেএমইএ'র ওয়েব সাইটে দেওয়া তথ্য অনুযায়ী গত অর্থবছরে (২০০৭-০৮) নিটওয়ারের রপ্তানি প্রবৃদ্ধির হার ছিল ২১ দশমিক ৫০ শতাংশ। ওই সময় রপ্তানির পরিমাণ ছিল পাঁচ হাজার ৫৩২ দশমিক ৫২ মিলিয়ন মার্কিন ডলার।
শুক্রবার বিকেল ৪টার দিকে তিন দিনব্যাপী নিট টেক্স বাংলাদেশ ২০০৮ এক্সপো আনুষ্ঠানিক উদ্বোধন করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান আকবর আলী খান।
নিটওয়্যার খাতে গত কয়েক বছরের সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, "প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমেই টিকে থাকা সম্ভব।"
তিনি বলেন, "এক সময় বাংলাদেশকে ভিক্ষার ঝুলি বলা হতো। কিন্তু গত চার দশকে অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে আমরা প্রমাণ করে দিয়েছি যে বাংলাদেশ ভিক্ষার ঝুলি নয়।"
বিকেএমইএ এবং কনফারেন্স অ্যান্ড এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট সার্ভিস (সিইএমএস) বাংলাদেশ যৌথভাবে প্রথমবারের মত এ মেলা আয়োজন করেছে। মেলায় বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, স্পেন, পাকিস্তান, জাপানসহ ১০টি দেশের ৭৫টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শন করা হচ্ছে- বিদ্যুতের ট্রান্সফরমার থেকে শুরু করে নিটওয়্যার কারখানার বিভিন্ন যন্ত্রপাতি।
গত সোমবার এক সংবাদ সম্মেলনে ফজলুল হক জানিয়েছিলেন, বর্তমানে দেশে প্রায় ১৬০০ নিট কারখানা রয়েছে। বছরে গড়ে প্রায় ২০০টি নতুন কারখানা হচ্ছে এবং আগের কারখানাগুলোও স
bdnews24