২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝুলে আছে বন্দরে অপারেটর নিয়োগপ্রক্রিয়া

তত্ত্বাবধায়ক সরকার চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নিলেও বিভিন্ন ইয়ার্ড ও বার্থ পরিচালনায় বেসরকারি অপারেটর নিয়োগের বিষয়টি এখনো ঝুলে আছে। এ জন্য আমলাতন্ত্র ও ব্যক্তিস্বার্থের বিবেচনাকে দায়ী করছেন বন্দর ব্যবহারকারীরা। রুহুল আমিন রানা জানাচ্ছেন বিস্তারিত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2008, 02:14 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকার ক্ষমতায় আসার পর চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নিলেও বিভিন্ন ইয়ার্ড ও বার্থ পরিচালনায় এখনো বেসরকারি অপারেটর নিয়োগ দেওয়া হয়নি। এ জন্য আমলাতন্ত্র ও ব্যক্তিস্বার্থের বিবেচনাকে দায়ী করছেন বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ী নেতারা। সংস্কারের অংশ হিসেবে চিটাগাং কন্টেইনার টার্মিনাল (সিসিটি), ঢাকা আইসিডি, নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ও বিভিন্ন বার্থ বেসরকারিভাবে পরিচালনার উদ্যোগ নেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)। গত বছরের মার্চের দিকে উদ্যোগটি নেওয়া হলেও এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া যায়নি। বর্তমানে অন্তবর্তীকালীন ব্যবস্থা হিসাবে চুক্তির ভিত্তিতে এগুলো পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিভিন্ন ইয়ার্ড ও বার্থ পরিচালনার নীতিমালা তৈরি, প্রজ্ঞাপন জারি, দরপত্রের খুঁটিনাটি তৈরিতেই বেশিরভাগ সময় চলে গেছে। পরে দরপত্র আহ্বান করা হলেও দীর্ঘসূত্রতা ও নানা জটিলতায় চবক কোনো প্রতিষ্ঠান নির্বাচন করতে পারেনি। বন্দর ব্যবহারকারীরা বলছেন, প্রতিযোগিতামূলক দরে এসব ইয়ার্ড ও বার্থ পরিচালনা করা হলে বন্দরের পণ্য ওঠানামার ব্যয় আরো কমতো। অবিলম্বে প্রতিযোগিতার ভিত্তিতে অভিজ্ঞ ও যোগ্য ইয়ার্ড ও বার্থ অপারেটর নিয়োগ দেওয়া না হলে বন্দরের অর্জিত সুনাম নষ্ট হয়ে যাবে। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদ বিভিন্ন ইয়ার্ডে অপারেটর নিয়োগে সময় বেশি লাগার বিষয়টি স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বার্থ অপারেটর পদ্ধতিটি নতুন হওয়ায় নীতিমালা তৈরি ও দরপত্রের কারিগরি দিক চূড়ান্তের প্রক্রিয়া দীর্ঘ হওয়ায় কিছুটা সময় বেশি লেগেছে। আর সিসিটির ক্ষেত্রে আইনগত জটিলতা থাকায় অপারেটর নিয়োগ পিছিয়ে গেছে।" তিনি জানান, চলতি মাসে আবার দরপত্র ডাকা হয়েছে এবং চবক দ্রুততম সময়ে এ প্রক্রিয়া শেষ করবে। বার্থ অপারেটরদের কেউ কেউ চুক্তির ভিত্তিতে কাজ চালিয়ে যেতে আগ্রহী হলেও চবক প্রতিযোগিতার মাধ্যমে নিয়োগকে অগ্রাধিকার দিচ্ছে। অন্যদিকে, চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহ-সভাপতি এম এ লতিফ দীর্ঘসূত্রতায় ক্ষোভ জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিসিটিসহ সব ইয়ার্ড ও বার্থে অপারেটর নিয়োগের বিষয়টি এতদিন ঝুলে থাকা অযৌক্তিক। আমলাতন্ত্রের যাতাকলে ও ব্যক্তিস্বার্থের কাছে সবকিছু চাপা পড়ে আছে এবং এর মাশুল গুণছে ব্যবসায়ী ও ভোক্তারা।" জটিলতা বা আইনগত বাধাবিপত্তি যাই থাক, জরুরিভিত্তিতে অপারেটর নিয়োগের বিষয়টি ফয়সালা করার ওপর জোর দিয়ে তিনি বলেন, "প্রতিযোগিতার ভিত্তিতে এটি না হওয়ায় বন্দর কর্তৃপক্ষকে শুধু সিসিটির জন্য সাইফ পাওয়ার টেককে প্রতি মাসে প্রায় দুই কোটি টাকা বেশি দিতে হচ্ছে। আমদানি পণ্যের ব্যয় বেড়ে যাওয়ায় তার চাপ পড়ছে ভোক্তাদের ওপর।" প্রথমবারের দরপত্রে আশা অনুযায়ী সাড়া না পড়ায় ঢাকা আইসিডি পরিচালনায় ২৩ নভেম্বর আবার দরপত্র আহ্বান করা হয়েছে। এ ইয়ার্ডে বর্তমানে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত অপারেটর সাইফ পাওয়ার টেকের সঙ্গে বন্দরের আইনি জটিলতা থাকায় দ্বিতীয় দফা দরপত্র আহ্বানে দেরি হয়। বন্দর সংশ্লিষ্টরা জানান, প্রতিযোগিতার ভিত্তিতে অপারেটর নিয়োগ না হওয়ায় সাইফ পাওয়ার টেক প্রতি টিইইউএস (টোয়েন্টি ফুট পার ইকুয়্যাল ইউনিট) কন্টেইনার ওঠানামায় ১২০০ টাকা করে দাবি করে। অথচ বাতিল হয়ে যাওয়া দরপত্রে একটি প্রতিষ্ঠান সর্বনিম্ন ৪৫৩ টাকা এবং তৃতীয় সর্বনিম্ন দরদাতা সাইফ পাওয়ার টেক ৫০৫ টাকা দর দিয়েছিল। এতে এখন বন্দরকে প্রতি মাসে প্রায় দুই কোটি টাকা অতিরিক্ত দিতে হচ্ছে। এদিকে, এনসিটির নির্মাণ কাজ শেষ হওয়ার দীর্ঘ প্রায় ১১ মাস পর এটি পরিচালনার জন্য গত মাসের শেষ সপ্তাহে আর্ন্তজাতিক দরপত্র ডাকা হয়েছে। পাশাপাশি বার্থ অপারেটর পদ্ধতি চালুর প্রায় ২১ মাস পর চলতি সপ্তাহে জেনারেল কার্গো এবং কন্টেইনার ওঠানামার জন্য আলাদা দরপত্র আহ্বান করা হয়। অথচ চট্টগ্রাম বন্দরে বার্থ অপারেটর নিয়োগ ও কর্মপদ্ধতি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল গত বছরের ২ ডিসেম্বর। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর বন্দরে সংস্কারের অংশ হিসাবে গত বছরের ফেব্র"য়ারিতে ৫০ বছরের মাস্টার স্টিভিডোরিং প্রথা বাতিল করে বার্থ অপারেটর পদ্ধতি চালু করা হয়। বন্দরের বিভিন্ন জেটির ১৩টি ইউনিটে এবং বহির্নোঙরের ১০টি ইউনিটে ৫০টি বার্থ অপারেটর এখন দায়িত্ব ভাগ করে কাজ করছে। দরপত্রের প্রক্রিয়া শেষ করে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব পেতে আরো কয়েকমাস লেগে যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিজিএমইএ পরিচালক মাহবুব চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অভিযোগ করেন, "বর্তমানে বন্দরে আর ব্যবসাবান্ধব পরিবেশ নেই। প্রতিযোগিতার ভিত্তিতে অপারেটর নিয়োগ না দেওয়ায় এখন অকল্পনীয় হারে চার্জ নেওয়া হচ্ছে। প্রতিযোগিতার ভিত্তিতে অপারেটর নিয়োগ পেলে কন্টেইনার প্রতি মালামাল ওঠানামার ব্যয় তিনগুণের বেশি কমে যাবে।" বিষয়টি নিয়ে বিজিএমইএ শিগগিরই সরকারের সঙ্গে আলোচনা করবে বলে জানান তিনি। অন্যদিকে, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক লিয়াকত আলী হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মালামাল ওঠানামার ক্ষেত্রে যারা চুক্তিভিত্তিক কাজ করছে বন্দর ব্যবহারকারীরা তাদের কাছে জিম্মি। কে ব্যবসা পেল বা কে পাবে না- তা বিবেচনা না করে, কর্তৃপক্ষের উচিত অপারেটর নিয়োগের বিষয়টি এখন অগ্রাধিকার দেওয়া।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএনডি/এসকে/২০০৫ঘ.