২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিডিপি প্রবৃদ্ধি কমার আশঙ্কা নাকচ করলেন অর্থ উপদেষ্টা

বৈশ্বিক অর্থনীতির সঙ্কটের কারণে চলতি ২০০৮-০৯ অর্থবছরে বাংলাদেশে মোট দেশজ উৎপাদন (জিডিপি)'র প্রবৃদ্ধি কমবে বলে বিশ্বব্যাংক যে আভাস দিয়েছে, তা নাকচ করেছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2008, 12:58 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈশ্বিক অর্থনীতির সঙ্কটের কারণে চলতি ২০০৮-০৯ অর্থবছরে বাংলাদেশে মোট দেশজ উৎপাদন (জিডিপি)'র প্রবৃদ্ধি কমবে বলে বিশ্বব্যাংক যে আভাস দিয়েছে, তা নাকচ করেছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। তিনি দাবি করেছেন, বর্তমান অবস্থায় জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশের ওপরেই থাকবে। কোনোভাবেই এর নিচে নামবে না। ডলারের বিপরীতে টাকার মান এ মুহূর্তে না কমানোর পরিকল্পনার কথাও জানান উপদেষ্টা। বুধবার সকালে এক কর্মশালায় বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ বিনয় স্বরূপ বলেন, বৈশ্বিক অর্থনীতির চলমান সঙ্কটের কারণে চলতি অর্থবছরে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি কমে ৫ দশমিক ৪ শতাংশ থেকে ৪ দশমিক ৮ শতাংশের মধ্যে নেমে আসতে পারে। জিডিপি প্রবৃদ্ধিতে রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহের অবদান কমে যাওয়ার ফল হিসেবেই প্রবৃদ্ধি কম হবে বলে মনে করছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের এ আভাস দেওয়ার পর অর্থ উপদেষ্টা বিকালে সাংবাদিকদের বলেন, "চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংক যে পূর্বাভাস দিয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কয়েক দিন আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধি দল আমার সঙ্গে দেখা করে বলেছিল, এবার আমাদের প্রবৃদ্ধি ৫ দশমিক ৫ শতাংশ হবে। আর এখন বিশ্বব্যাংক বলছে ৫ শতাংশের নিচে নেমে আসবে।" "রপ্তানি আয়, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, রাজস্ব আদায়সহ আমাদের অর্থনীতির প্রধান সূচকগুলো ইতিবাচক। মূল্যস্ফীতিও কমে এসেছে। বেসরকারি খাতে ঋণপ্রবাহ বেড়েছে।" অর্থ উপদেষ্টা বলেন, "এ অবস্থায় আমাদের জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশের ওপরে থাকবে। অর্থনীতির প্রধান সূচকগুলো পর্যালোচনা করে আমি জোর দিয়ে বলতে চাই, আমাদের জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশের নিচে নামবে না।" রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে সরকারি মালিকানাধীন তিন বাণিজ্যিক ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে উপদেষ্টার কথা হয়। চলতি বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ। গত ২০০৭-০৮ অর্থ বছরে ৬ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল। রপ্তানি ও রেমিটেন্স খাতের ক্ষতি পুষিয়ে দিতে মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমানো হবে কিনা- এ প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, "আমাদের অর্থনীতি আমদানি নির্ভর। শুধু রপ্তানি খাতের কথা চিন্তা করলে চলবে না। আমদানির বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। আর বর্তমানে আমাদের মুদ্রার বিনিময় হার যে অবস্থায় আছে- তা যুক্তিযুক্ত বলে আমি মনে করি।" তিন ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়ে মির্জ্জা আজিজুল বলেন, "সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংককে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের পর এ ব্যাংকগুলোর কার্যক্রমে কী অগ্রগতি হয়েছে; তা পর্যালোচনার জন্যই বৈঠক আহ্বান করা হয়েছিল।" "বৈঠকে ব্যাংকগুলোর কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে তাতে দেখা গেছে, বেশিরভাগ ক্ষেত্রেই তারা উন্নতি করেছে। তবে পরিচালন খরচ বেড়ে গেছে। আর এটা হয়েছে মূলত গত জুলাই থেকে কর্মকর্তা-কর্মচারীদের ২০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার কারণে।" এক প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা জানান, সরকারি ব্যাংকের কোনও কর্মকর্তা-কর্মচারীকে জোর করে অবসর দেওয়া হবে না। স্বেচ্ছায় যারা অবসর নিতে চান, কেবল তাদেরই অবসর দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৯০০ ঘ.