ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈশ্বিক অর্থনীতির চলমান সঙ্কটের কারণে চলতি ২০০৮-০৯ অর্থবছরে বাংলাদেশে মোট দেশজ উৎপাদন (জিডিপি)'র প্রবৃদ্ধি কমতে পারে বলে আভাস দিয়েছে বিশ্বব্যাংক।
বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে বিশ্বব্যাংক কার্যালয়ে এক কর্মশালায় সংস্থার ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ বিনয় স্বরূপ এ আভাস দেন।
আগামী নির্বাচিত সরকারকে এনিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বলেও বলছে বিশ্বব্যাংক। তবে বর্তমান সময়ে ডলারের বিপরীতে টাকার মান কমানোর পক্ষে নয় তারা।
জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের এ ধারণা নাকচ করেছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম।
তিনি সাংবাদিকদের বলেছেন, "চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কোনোভাবেই ৬ শতাংশের নিচে নামবে না।"
বিনয় স্বরূপ বলছেন, অর্থনৈতিক সঙ্কটের কারণে জিডিপিতে রপ্তানি খাতের অবদান কমবে শূন্য দশমিক দুই শতাংশ পয়েন্ট আর রেমিটেন্স প্রবাহে কমবে এক দশমিক এক শতাংশ পয়েন্ট। ফলে জিডিপি প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৪ শতাংশ থেকে ৪ দশমিক ৮ শতাংশের মধ্যে নেমে আসতে পারে।
তিনি বলেন, "বৈশ্বিক অর্থনীতির চলমান সঙ্কট শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে- তা এখনও বলা যাচ্ছে না। তবে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, তাতে বাংলাদেশের অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়বে, তা নিশ্চিত করে বলা যায়। বিশেষ করে দেশটির অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখা দুটি খাত- রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়বে।"
বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে বিশ্বব্যাংকের অর্থনীতিবিদ বলেন, "সঙ্কট প্রকট হলে চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ৮ শতাংশে নেমে আসবে। আর যদি সঙ্কট মাঝারি ধরনের হয় তাহলে প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৪ শতাংশ।"
চলতি বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ। গত ২০০৭-০৮ অর্থ বছরে ৬ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল।
বিনয় স্বরূপ বলেন, "গত অর্থবছরের জিডিপিতে রপ্তানি খাতের অবদান ছিল ১৪ দশমিক ১ শতাংশ। চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধিতে রপ্তানি খাতের অবদান ধরা হয়েছে ১৬ দশমিক ৪ শতাংশ। কিন্তু সঙ্কট প্রকট হলে এ খাতের অবদান কমে ১৫ দশমিক ৭ শতাংশে নেমে আসবে। আর মাঝারি ধরনের হলে তা ১৬ শতাংশ হবে।"
"অন্যদিকে চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধিতে রেমিটেন্স খাতের অবদান ধরা হয়েছে ১০ শতাংশ। সঙ্কট প্রকট হলে এ খাতের অবদান হবে ৮ দশমিক ৯ শতাংশ। আর মাঝারি ধরনের হলে তা হবে ৯ দশমিক ২ শতাংশ।"
বিনয় স্বরূপ বলেন, "চলতি অর্থবছরে বাংলাদেশের ১০ লাখ লোক বিভিন্ন দেশে কাজ করার জন্য বাইরে যাবে বলে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কিন্তু অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) দুই লাখ লোক বাইরে গেছেন। সঙ্কটের কারণে বাকি আট লাখ লোক কাজের উদ্দেশ্যে বাইরে যেতে পারবে কিনা- তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।"
আগামী নির্বাচিত সরকারকে জিডিপি প্রবৃদ্ধি কমার এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে জানান বিশ্বব্যাংকের অর্থনীতিবিদ।
বিনয় স্বরূপ বলেন, "আসন্ন সংসদ নির্বাচনের পর নতুন সরকার আগামী জানুয়ারি মাসে দায়িত্ব নেওয়ার পর থেকেই এ চ্যালেঞ্জের মুখোমুখি হবে।"
এ চ্যালেঞ্জ মোকাবেলায় সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করার জন্য নতুন সরকারকে আগাম পরামর্শ দিয়েছেন তিনি।
আগামী ২৯ ডিসেম্বর দেশে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষিত রয়েছে। এরপরই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে নির্বাচিত সরকারের দায়িত্ব নেওয়ার কথা।
রপ্তানি ও রেমিটেন্স খাতের ক্ষতি পুষিয়ে দিতে মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশী টাকার মান কমানো উচিৎ কিনা- সাংবাদিকদের এ প্রশ্নে বিনয় স্বরূপ বলেন, "এ মুহূর্তে টাকার মান কমানোর পক্ষে আমরা নই। তবে সার্বিক বিষয় বিবেচনা করে এ বিষয়ে সরকার ও বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নেবে।"
তিনি মনে করেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, খাদ্যদ্রব্যসহ সব ধরনের পণ্যের দাম কমে আসায় সরকারের রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
'বিশ্ব অর্থনীতির চলমান মন্দাবস্থা' শীর্ষক ওই কর্মশালায় সংস্থার আবাসিক প্রতিনিধি জিয়ান ঝুও উপস্থিত ছিলেন।
বৈশ্বিক অর্থনীতির সঙ্কটের কারণে রেমিটেন্স (প্রবাসীদের পাঠানো অর্থ) এবং বৈদেশিক ঋণ ও সাহায্য কমার আশঙ্কা করছেন দেশের অর্থনীতিবিদরাও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এফএফ/এমআই/১৫৫০ ঘ.
bdnews24