২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার ক্যাফে ও ছোট আইএসপিকে বিটিআরসি লাইসেন্স নিতে হবে

সাইবার ক্যাফে ও ছোট আকারের ইন্টারনেট ব্যবসায়ীদের লাইসেন্সের আওতায় আনবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। এ জন্য এসব প্রতিষ্ঠানকে ন্যূনতম লাইসেন্স ফি দিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2008, 01:04 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সাইবার ক্যাফে ও ছোট আকারের ইন্টারনেট ব্যবসায়ীদের লাইসেন্সের আওতায় আনবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। এ জন্য এসব প্রতিষ্ঠানকে ন্যূনতম লাইসেন্স ফি দিতে হবে। মঙ্গলবার বিটিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিটিআরসি ন্যুনতম লাইসেন্স ফি'র বিনিময়ে পাড়া-মহল্লার অবৈধ আইএসপি ও সাইবার ক্যাফেগুলোকে লাইসেন্সের আওতায় আনার উদ্যোগ চূড়ান্ত করেছে। বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনজুরুল আলম বলেন, স্থানীয় এলাকার অবৈধ আইএসপিকে লাইসেন্সের আওতায় আনলে এর সঙ্গে জড়িত মেধাবী তরুণরা সৎ পথে ব্যবসার সুযোগ পাবে। তারা বৈধ উপায়ে ইন্টারনেট ব্যবসা বিস্তৃত করতে পারবে। এতে দেশে ইন্টারনেটের ব্যবহার বাড়বে। বিটিআরসি চেয়ারম্যান বলেন, এ লাইসেন্স দেওয়ার ফলে দেশব্যাপী আইএসপিদের শৃঙ্খলায় আনাসহ শহরের পাশাপাশি গ্রামাঞ্চলের মানুষও কমমূল্যে ইন্টারনেট সেবা পাবে। তবে লাইসেন্স প্রাপ্তির পর কেউ যদি অবৈধ ব্যবসা করে তাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিটিআরসি দ্বিধা করবে না। সোমবার মনজুরুল আলম আইএসপি, সাইবার ক্যাফে ও কেবল অপারেটর অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করেন। এতে এসব প্রতিষ্ঠানকে লাইসেন্সের আওতায় আনার জন্য তৈরি করা খসড়া নীতিমালা উপস্থাপন করা হয়। এ খসড়া নীতিমালা দ্রুত বিটিআরসির ওয়েবসাইটে (www.btrc.gob.bd) প্রকাশ করা হবে। এর ওপর মতামত দেওয়ার জন্য প্রকাশ থেকে সাতদিন সময় দেওয়া হবে। প্রাপ্ত মতামত পর্যালোচনা করে বিটিআরসি চূড়ান্ত নীতিমালা প্রকাশ করবে। খসড়া নীতিমালায় বলা হয়েছে, থানাভিত্তিক এলাকায় উন্মুক্ত লাইসেন্স দেওয়া হবে। সহজ শর্তে ও বার্ষিক ফি'র বিনিময়ে এ লাইসেন্স দেওয়া হবে। একই লাইসেন্সের আওতায় একজন ব্যবসায়ী ইন্টারনেট সার্ভিস প্রদান এবং সাইবার ক্যাফে পরিচালনা করতে পারবেন। লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, জাতীয় ও স্থানীয় আইএসপি থেকে ব্যান্ডউইড্থ কিনে সাধারণ গ্রাহকদের কাছে বিক্রি করবে। তবে তারা ব্যান্ডউইডথ সাব-লিজ দিতে পারবে না। লাইসেন্সপ্রাপ্তরা ভি-স্যাট ও আইপি টেলিফোনির জন্যও আবেদন করতে পারবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/১৮৫৯ঘ.