চট্টগ্রাম, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র দ্বিবার্ষিক নির্বাচনে ২৪ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
চারটি ক্যাটাগরিতে তাদের বাইরে আর কেউ প্রার্থী না হওয়ায় শনিবার এই ২৪ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।
নির্বাচিত এই পরিচালকরা আগামী ১৫ ডিসেম্বর চেম্বারের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করবেন।
চেম্বার সচিব ওসমান গণি চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার ছিল চেম্বারের পরিচালকমণ্ডলী নির্বাচনের জন্য মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ৪টি ক্যাটাগরিতে ২৪টি পদের জন্য একই সংখ্যক প্রার্থী থাকায় আর নির্বাচনের প্রয়োজন হয়নি।"
শনিবার নির্বাচন পরিচালনা কমিশন এক বৈঠক শেষে পরিচালক হিসাবে ওই ২৪ জনকে বিজয়ী ঘোষণা করে।
চেম্বার সচিব জানান, নতুন কমিটি ১ জানুয়ারি থেকে পরবর্তী দুই বছরের জন্য দায়িত্ব নেবে।
বিগত দুই কমিটিতে সাইফুজ্জামান চৌধুরী চেম্বারের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। গতবারও সমঝোতার ভিত্তিতে পরিচালক ও সভাপতি নির্বাচিত হন তিনি। এবারও পরিচালক পদে নির্বাচন না হওয়ায় সমঝোতার ভিত্তিতে তিনিই সভাপতি হতে পারেন বলে গুঞ্জন রয়েছে। এ পদের জন্য বিদায়ী কমিটির সিনিয়র সহ-সভাপতি এম এ লতিফের নামও শোনা যাচ্ছে।
চার ক্যাটাগরিতে নির্বাচিত পরিচালকরা হলেন-
'অর্ডিনারী গ্র"প' এর ১২টি পদে- এম এ লতিফ, আব্দুল মালেক, ফাহিম আহমেদ, শাহিন আলম, এ কে এম আক্তার হোসেন, এস এম আবু তৈয়ব, মাইনুদ্দিন আহমেদ, মো. নুরুল আমিন, ওয়াছিউর রহমান চৌধুরী, মোহাম্মদ শোয়েব রিয়াদ, এ এস এম কায়সার আলী ও আলমগীর পারভেজ।
'অ্যাসোসিয়েট গ্র"প' এর ছয়টি পদে- মোহাম্মদ আমিরুল হক, শাহাবুদ্দিন আহমেদ, সৈয়দ সগীর আহমেদ, এস এম সফিউল হক, এস এম মাহবুবুল ইসলাম, নূর মোহাম্মদ।
'টাউন অ্যাসোসিয়েশন' এর তিনটি পদে- এম এ ছালাম, নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী ও ফেরদৌস খান আলমগীর ।
এবং 'ট্রেড গ্র"প' এর তিনটি পদে- সৈয়দ আহসানুল হক, মো. এমদাদুল হক চৌধুরী ও বেনজির চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/জেকে/এসকে/২৩০০ঘ.
bdnews24