মারুফ মল্লিক,
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্বালানি বিষয়ক প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরো কমলেও এ মুহূর্তে দেশে দাম কমানোর কথা ভাবছে না সরকার।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম তামিম শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি আরো কিছুদিন পর্যবেক্ষণ করে তেলের দাম পুনর্বিবেচনার বিষয়ে সিদ্ধান্ত হবে।
বিশেষ সহকারী বলেন, "তেলের দাম নির্ধারণে জ্বালনি মন্ত্রণালয় যে ফর্মুলা তৈরি করা হয়েছে তাতে তিন মাস বাজার পর্যবেক্ষণের বিধান রয়েছে। সে অনুযায়ী আমরা বাজার পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেব। এতে লাভ হবে।"
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ধারাবাহিকভাবে কমায় গত মাসের ২৬ অক্টোবর দেশে তেলের দাম কমানোর ঘোষণা দেয় সরকার। ২৭ অক্টোবর থেকে এ ঘোষণা কার্যকর হয়। ওই সময় আন্তর্জাতিক বাজারের তেলে দাম ৬০ ডলারেরও বেশি ছিণ।
তবে আন্তর্জাতিক বাজারে দাম আরও কমে শুক্রবার অপরিশোধিত জ্বালানি তেল ব্যারেল প্রতি ৪৯ ডলারে বিক্রি হয়েছে।
রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন এককভাবে তেলের ব্যবসা না করলে অর্থাৎ বাজার উন্মুক্ত হলে প্রতিদিন আন্তর্জাতিক বাজারের সঙ্গে দাম সমন্বয় করা যেত বলে মন্তব্য করেন তামিম।
জ্বালানি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশীয় মূল্য ও আন্তর্জাতিক বাজারের মধ্যে ১৫ ভাগ পার্থক্য হলে এক মাসের মধ্যে তাদের মুল্যায়নের সিদ্ধান্ত আছে। অন্যদিকে, তিন মাসের মাথায় ১০ ভাগের বেশি পার্থক্য হলে দাম পুনর্নির্ধারণ করা হবে। তবে এক্ষেত্রে পুরোমাসের গড় হিসাব করা হবে।"
বর্তমানের মতো দাম কমতে থাকলে বা বর্তমান পরিস্থিতিই বজায় থাকলে চলতি মাসের শেষ দিকে বিষয়টি পর্যালোচনা করা হতে পারে বলেও তিনি জানান।
গত মাসের শেষ সপ্তাহে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৫৫ টাকা থেকে কমিয়ে ৪৮ টাকা, পেট্রোলের দাম ৮৭ টাকা থেকে কমিয়ে ৭৮ টাকা এবং অকটেন ৯০ থেকে কমিয়ে ৮০ টাকা করেছিল সরকার।
এর আগে চলতি বছরের ৩০ জুন সর্বশেষ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন ডিজেলের দাম ৫৫ টাকা, পেট্রোল ৮৭ টাকা এবং অকটেন ৯০ টাকা করা হয়। এছাড়া, প্রতি সিলিন্ডার এলপিজি এক হাজার টাকা এবং প্রতি লিটার ফার্নেস অয়েল ৩০ টাকা নির্ধারণ করা হয়। ১ জুলাই থেকে এ দাম কার্যকর হয়। ওই সময় আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেল ১৪২ ডলারে বিক্রি হয়েছে।
দেশে পেট্রোলিয়াম পণ্যের চাহিদা প্রায় ৪০ লাখ টন। ২০০৭-২০০৮ অর্থবছরে ৩৬ লাখ টনের বেশি পেট্রোলিয়াম পণ্য বিক্রি করা হয়। এর মধ্যে ডিজেলের পরিমাণ ছিল প্রায় ২৩ লাখ টন। ২০০৮-২০০৯ সালের সম্ভাব্য চাহিদা নির্ধারণ করা হয়েছে প্রায় ৩৮ লাখ টন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/এসকে/২০৪৭ঘ.
bdnews24