ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্চেন্ট ব্যাংকগুলোর ঋণ দেওয়ার ক্ষেত্রে 'মার্জিন লোনের' অনুপাত বাড়িয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
মার্জিন লোনের ক্ষেত্রে বিদ্যমান এক অনুপাত এক থেকে বাড়িয়ে এক অনুপাত দেড় করা হয়েছে। মঙ্গলবার এসইসি পর্ষদের (বোর্ড) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন এই হারের আওতায় মার্চেন্ট ব্যাংকগুলো গ্রাহকের মোট শেয়ারের মূল্যের দেড়গুণ পর্যন্ত ঋণ দিতে পারবে। আগের অনুপাতে শেয়ারের মূল্যের সমপরিমাণ ঋণ দিতে পারতো তারা।
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান বা মার্চেন্ট ব্যাংকে অ্যাকাউন্টধারী গ্রাহকের শেয়ার, ডিবেঞ্চার বা বন্ডের বিপরীতে মার্জিন লোন দেওয়া হয়। এক্ষেত্রে বাজার নিয়ন্ত্রক সংস্থা (এসইসি) ঋণদাতা প্রতিষ্ঠান বা মার্চেন্ট ব্যাংকগুলোর জন্য ঋণ দেওয়ার একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দেয়।
এসইসি নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ সাংবাদিকদের বলেন, "এই সিদ্ধান্তের ফলে পুঁজিবাজারে তারল্য সঙ্কট কমে আসবে বলে আশা করছে এসইসি। এর আগে এসইসি'র সঙ্গে এক বৈঠকে মার্চেন্ট ব্যাংক প্রতিনিধিরা এই অনুপাত বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন।"
ফরহাদ আহমেদ জানান, তারা মার্চেন্ট ব্যাংকের সংখ্যা বাড়ানোর কথা ভাবছেন এবং পুঁজিবাজারে ব্যাংক ছাড়া অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর সম্পদের অংশগ্রহণ পাঁচগুণ বাড়ানোর অনুমতি দেওয়ারও পরিকল্পনা রয়েছে তাদের।
এদিকে প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২০ কোটি টাকার শেয়ার ছাড়ার অনুমতি দিয়েছে এসইসি।
এসইসি নির্বাহী পরিচালক জানান, এই মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তা প্রতিষ্ঠান প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আর শেয়ার ছাড়ার দায়িত্ব বাংলাদেশ ইনভেস্টমেন্ট করপোরেশনের (আইসিবি)।
এছাড়া এসইসি পর্ষদের বৈঠকে তিনটি প্রতিষ্ঠানের রাইট শেয়ার (মালিকানা শেয়ার) ঘোষণা অনুমোদন করা হয়। ইস্টার্ন ব্যাংক প্রতি দুটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ঘোষণা করেছে। ন্যাশনাল পলিমার একটি শেয়ারের বিপরীতে দুটি রাইট শেয়ার দেবে। আর সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক প্রতিটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এসকে/
bdnews24