ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষিখাতে সরাসরি ভর্তুকি না দেওয়ার বিশ্বব্যাংকের পরামর্শ নাকচ করেছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।
খাদ্য মূল্যস্ফীতি সহনীয় রাখতে শনিবার রাজধানীর র্যাডিসন হোটেলে দক্ষিণ এশিয়ার বিশেষজ্ঞ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপক (রিজিওনাল প্রোগ্রামস) সাদিক আহমেদের পরামর্শ ছিল, কৃষিতে সরাসরি ভর্তুকি না দিয়ে ওই অর্থ গ্রামীণ অবকাঠামো খাতে ব্যয় করার।
অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম ওই পরামর্শ নাকচ করে বলেন, "বর্তমান বিশ্ব পরিস্থিতিতে কৃষিখাতে ভর্তুকি তুলে দেওয়া হবে ঝুঁকিপূর্ণ কাজ। কোনো অবস্থাতেই এটি করা যাবে না। এখন কৃষিতে ভর্তুকি না দিলে খাদ্যপণ্যের দাম আরো বেড়ে যেতে পারে। ভর্তুকির বিকল্প কী হতে পারে- তা নির্ধারণের আগ পর্যন্ত এ খাতে আমাদের ভর্তুকি অব্যাহত রাখতে হবে।"
সাদিক আহমেদ মনে করছেন, কৃষিখাতে ভর্তুকির অর্থ প্রত্যাহার করে গ্রামে রাস্তা-ঘাট, হাট-বাজার করা হলে কৃষক আরো বেশি লাভবান হবে।
তবে ভিন্নমত প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, "কৃষকরা পণ্যের উৎপাদন খরচ অনুযায়ী দাম না পেলে কৃষিপণ্য উৎপাদনে উৎসাহ হারিয়ে ফেলবে। ফলে দেশে খাদ্য সঙ্কট দেখা দিতে পারে। এসব বিষয় বিবেচনায় রেখেই কৃষিখাতে ভর্তুকি দেওয়া হয়ে থাকে।"
মির্জ্জা আজিজ বলেন, "আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, খাদ্যপণ্য, সারসহ সব ধরনের পণ্যের দাম কমে আসায় চলতি ২০০৮-০৯ অর্থবছরের বাজেটে ভর্তুকির পরিমাণ কম হবে। বাজেটে যা বরাদ্দ রাখা হয়েছিল তার চেয়ে ব্যয় অনেক কম হবে।"
দেশের খাদ্য মজুদ পরিস্থিতি সন্তোষজনক জানিয়ে উপদেষ্টা বলেন, "বর্তমানে প্রায় ১৪ লাখ টনের মতো খাদ্য মজুদ আছে। আমদানি অব্যাহত আছে। আগামীতে খাদ্য ঘাটতির কোনো আশঙ্কা নেই।"
আজিজুল ইসলাম বলেন, "দীর্ঘমেয়াদে নীতি-সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উৎপাদন বাড়ানোর দিকে আমাদের সবচেয়ে বেশি নজর দিতে হবে। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে এ ছাড়া অন্য কোনো বিকল্প নেই। একইসঙ্গে কৃষকদের উন্নত প্রযুক্তি সহায়তা দিতে হবে। চলতি বাজটে কৃষি গবেষণার জন্য একটি তহবিল গঠন করা হয়েছে।"
অনুষ্ঠানে অন্য বক্তারাও কৃষিখাতে ভর্তুকি তুলে দিতে বিশ্বব্যাংকের প্রস্তাবের সমালোচনা করেন।
বেসরকারি সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন (পিপিআরসি) ও বিশ্বব্যাংক যৌথভাবে দু'দিনব্যাপী এ সম্মেলন আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আব্দুল মুহিত, সাবেক কৃষিমন্ত্রী বিএনপি নেতা এম কে আনোয়ার, শিক্ষামন্ত্রী ওসমান ফারুক, সাবেক সাংসদ আব্দুর রাজ্জাক, বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি জিয়েন জু প্রমুখ বক্তব্য দেন।
সম্মেলনে ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, আফগানিস্তানসহ বাংলাদেশের বিশেষজ্ঞ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/১৯২৫ ঘ.
bdnews24