ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমস্যা কবলিত ব্যাংকগুলোকে একীভূত করে দেশে ব্যাংকের সংখ্যা কমিয়ে আনার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম এ পরামর্শের সঙ্গে একমত পোষণ করে বলেছেন, ভবিষ্যতে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।
বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে আইএমএফ এর প্রতিনিধি দল এ পরামর্শ দেয়। আইএমএফ এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরামর্শক টমাস রামবাহ তিন সদস্যের এ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
বৈঠকের পর উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে আমাদের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতিসহ ব্যাংকিং খাত নিয়ে আলোচনা হয়েছে। তারা বলেছে, আমাদের মতো দেশের ছোট অর্থনীতিতে এত ব্যাংকের প্রয়োজন নেই। সমস্যা কবলিত ব্যাংকগুলোকে একীভূত করার পরামর্শ দিয়েছে তারা।"
এই পরামর্শ সমর্থন করে মির্জ্জা আজিজ বলেন, "আসলেই আমাদের দেশে অনেক ব্যাংক (৫০টির মতো)। এই দেশে এত ব্যাংকের প্রয়োজন নেই। আধুনিক ব্যাংকিং নিশ্চিত করার জন্য যে সব ব্যাংকের সমস্যা রয়েছে সেগুলোর দু'তিনটি একীভূত করা যেতে পারে। এতে পরিচালনা খরচ অনেক কমে আসবে। ভবিষ্যতে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।"
দুটি বিশেষায়িত ব্যাংককে একীভূত করার সরকারি উদ্যোগের প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, "ইতোমধ্যে সরকার বাংলাদেশ শিল্প ব্যাংক (বিএসবি) ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থাকে (বিএসআরএস) একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে। একইভাবে যে সব সরকারি ও বেসরকারি ব্যাংকের মূলধনসহ অন্যান্য সমস্যা রয়েছে সেগুলোকে একীভূত করা গেলে ভালো হবে।"
অর্থ উপদেষ্টা বলেন, "কেন্দ্রীয় ব্যাংক আগামী ২০১১ সালের মধ্যে সব ব্যাংকের মূলধন ৪০০ কোটি টাকা করার জন্য সময় বেধে দিয়েছে। যেসব ব্যাংক এই সময়ের মধ্যে মূলধন ৪০০ কোটি টাকা করতে পারবে না সেগুলোকে একীভূত হওয়ার কথা বলা হয়েছে।"
মির্জ্জা আজিজ জানান, বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কটের প্রেক্ষাপটে বাংলাদেশের রপ্তানি আয় ও রেমিটেন্স (প্রবাসীদের পাঠানো অর্থ) কমে যাওয়ার আশঙ্কা করছে আইএমএফ।
তিনি বলেন, "আমরাও (সরকার) বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছি। তবে এ ব্যাপারে সরকারের মূল্যায়ন হচ্ছে, বিশ্ব অর্থনীতির সঙ্কটের কারণে আমাদের রপ্তানি আয়ে খুব বেশি নেতিবাচক প্রভাব পড়বে না। গত অর্থবছরে যেখানে ২০ শতাংশের ওপরে প্রবৃদ্ধি হয়েছিল, চলতি ২০০৮-০৯ অর্থ বছরে সেখানে ১২ থেকে ১৪ শতাংশ প্রবৃদ্ধি হবে।
"আমাদের রেমিটেন্সের ৭০ শতাংশের বেশি আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। সে কারণে রেমিটেন্স প্রবাহেও খুব একটা প্রভাব পড়বে না।"
তবে এবার প্রবৃদ্ধি গত অর্থ বছরের চেয়ে কিছুটা কম হবে বলে মন্তব্য করেন তিনি।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, নির্মাণ সামগ্রী, খাদ্যপণ্যসহ সব ধরনের পণ্যের দাম বেশ কমে আসায় আমদানি ব্যয় কমে গেছে। এ অবস্থায় আমাদের অর্থনীতি স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে দাবি করে অর্থ উপদেষ্টা বলেন, "রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহে যে কম প্রবৃদ্ধি হবে, আমদানি ব্যয় কমে যাবে বলে অর্থনীতির ভারসাম্যে কোনো সমস্যা হবে না। কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও কোনও সঙ্কট তৈরি হবে না।"
অর্থ উপদেষ্টা বলেন, "মূল্যস্ফীতির ব্যাপারে আইএমএফ প্রতিনিধিরা সতর্ক থাকতে বলেছেন। আমরা তাদের বলেছি, আমাদের মূল্যস্ফীতি এখনও পাশ্ববর্তী যে কোনও দেশের তুলনায় কম। আগামীতে এ মূল্যস্ফীতি আরও কমে আসবে।"
টমাস রামবাহ সাংবাদিকদের বলেন, "বিশ্ব অর্থনীতির সঙ্কটের কারণে বাংলাদেশে রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহ কমে যেতে পারে। এ কারণে দেশটির অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। "
এ চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বাংলাদেশে এই মূহুর্তে একটি সুষ্ঠু অর্থনৈতিক ব্যবস্থাপনা প্রয়োজন বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এসকে/২২৪৯ঘ.
bdnews24