ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বাড়ছে না।
এ লক্ষ্যে গঠিত পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নের দায়িত্ব আগামী নির্বাচিত সরকারের হাতেই ছেড়ে দেওয়া হচ্ছে।
অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম রোববার সাংবাদিকদের বলেন, "জাতীয় বেতন কমিশন-২০০৮ (সপ্তম পে-কমিশন) এর সুপারিশ বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বাস্তবায়িত হচ্ছে না। কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দিতে বলা হয়েছিল। আশা করছি, ডিসেম্বরের মধ্যে কমিশন তাদের প্রতিবেদন জমা দেবে এবং আগামী নির্বাচিত সরকার তা বাস্তবায়ন করবে।"
রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে কানাডার রাষ্ট্রদূত রবার্ট ম্যাকডুগালের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা এ কথা বলেন।
সাবেক অর্থসচিব মুস্তাফিজুর রহমানকে চেয়ারম্যান করে গত ৩১ আগস্ট 'সপ্তম পে-কমিশন' গঠন করে সরকার। ছয় মাসের মধ্যে সরকারের কাছে কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার কথা। পূর্ণকালীন তিন জন সদস্য এবং খণ্ডকালীন নয় জন সদস্য নিয়ে কমিশন কাজ করছে।
কমিশন মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা এবং অবসরকালীন সুবিধা পুনর্নির্ধারণসহ অন্যান্য অসঙ্গতি দূর করার জন্য সুনির্দিষ্ট প্রস্তাব দেবে বলে ওই সময় সরকারি প্রজ্ঞাপনে বলা হয়।
কমিশনের চেয়ারম্যান প্রায় এক মাস দেশের বাইরে থাকায় কাজ ব্যাহত হচ্ছে কিনা- এ প্রশ্নে মির্জ্জা আজিজুল বলেন, "চেয়ারম্যান দেশের বাইরে থাকলেও কাজের কোনও সমস্যা হবে না। কারণ কমিশনের অন্য সদস্যরা যথারীতি তাদের দায়িত্ব পালন করবেন।"
অর্থ উপদেষ্টা গত ৯ জুন চলতি অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা এবং বেতন-ভাতা পুনর্নির্ধারণে কমিশন গঠনের প্রস্তাব করেন।
সরকারি কর্মচারীদের জন্য সর্বশেষ বেতন কাঠামো (ষষ্ঠ বেতন স্কেল) কার্যকর করা হয় ২০০৫ সালের জানুয়ারিতে। এর আগে ১৯৯৬, ১৯৮৯, ১৯৮৪, ১৯৭৬ ও ১৯৭২ সালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জাতীয় বেতন কমিশন গঠন করা হয়।
বিশ্ব অর্থনীতির সঙ্কটের কী প্রভাব দেশে পড়ছে- জানতে চাওয়া হলে অর্থ উপদেষ্টা বলেন, "বিশ্ব অর্থনীতির সঙ্কট দীর্ঘস্থায়ী হলে আমাদের অর্থনীতিতে এর প্রভাব পড়বে। বিশেষ করে, রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে। আর এ সঙ্কট ২০০৯ সালের মধ্যেই শেষ হলে আমাদের অর্থনীতিতে কোনও নেতিবাচক প্রভাব পড়বে না।"
এখন পর্যন্ত রপ্তানি বাণিজ্যে ওই সঙ্কটের কোনও প্রভাব পড়েনি বলে দাবি করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এজে/এমআই/১৬৪৫ ঘ.
bdnews24