২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণের বোঝা কমাতে বেশি করে কর দিন: অর্থ উপদেষ্টা

ভবিষ্যৎ প্রজন্মকে ঋণের বোঝা থেকে রেহাই দিতে বেশি করে কর দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2008, 02:55 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভবিষ্যৎ প্রজন্মকে ঋণের বোঝা থেকে রেহাই দিতে বেশি করে কর দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের বিভিন্ন জেলার সর্বোচ্চ ভ্যাট (মূল্য সংযোজন কর) প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ আহ্বান জানান। অনুষ্ঠানে 'উৎপাদন', 'সেবা' ও 'ব্যবসা'- এই তিন ক্যাটাগরিতে ৬৭টি ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। জেলা পর্যায়ে যে সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে শুল্ক, আয়কর বা ভ্যাট ফাঁকির অভিযোগ নেই এবং যে সব প্রতিষ্ঠানের কাছে সরকারের কোনো ধরনের পাওনা নেই বা খেলাপী ঋণ নেই- কেবল সে সব প্রতিষ্ঠানকেই এ পুরস্কারের জন্য বিবেচনা করা হয়েছে। এই ৬৭টি প্রতিষ্ঠানের নাম-ঠিকানা সরকারি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমেও প্রকাশ করা হয়েছে। অর্থ উপদেষ্টা বলেন, "উন্নত দেশে রাজস্ব আদায়ের পরিমাণ থাকে জাতীয় আয়ের (জিডিপি) ৪০ থেকে ৬০ শতাংশ। আর আমাদের দেশে তা মাত্র ১১ থেকে ১২ শতাংশ। এ কারণে আয়-ব্যয়ের ব্যবধান মেটাতে বিদেশ ও অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নিতে বাধ্য হয় সরকার। এই প্রক্রিয়ায় আমরা ভবিষ্যৎ প্রজন্মের ওপর ঋণের বোঝা বাড়িয়ে যাচ্ছি। এ বোঝা লাঘব করতে সামর্থবান করদাতাদের বেশি মাত্রায় কর দিতে হবে।" রাজস্ব আদায়ের ক্ষেত্রে ভ্যাট ব্যবস্থার সুবিধার বিবরণ দিতে গিয়ে আজিজুল ইসলাম বলেন, "বাংলাদেশসহ সব দেশেই এখন রাজস্ব আদায়ের ক্ষেত্রে শুল্কের ওপর নির্ভরশীলতা কমছে। আন্তর্জাতিক বাজারে কোনো পণ্যের দাম বেড়ে গেলে সেই পণ্যের আমদানি শুল্ক কমিয়ে দেশে পণ্যের দাম সহনীয় রাখার চেষ্টা করা হয়। অন্যদিকে আয়করের ক্ষেত্রে কোনো ব্যাক্তি কর প্রদানে উপযুক্ত কি না-তা নির্ধারণ করা সরকারের পক্ষে খুবই কঠিন কাজ। অন্যদিকে ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান চিহ্নিত করা এবং তা আদায় করা তুলনামূলকভাবে সহজ।" এ পরিস্থিতিতে স্ব-প্রণোদিত হয়ে কর দেওয়ার জন্য অনুরোধ জানান অর্থ উপদেষ্টা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বলেন, "খুব শিগগিরই জাতীয় পর্যায়ে শীর্ষ ভ্যাটদাতাদের পুরস্কৃত করা হবে।" পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান রংপুরের আজিজ বিড়ি ফ্যাক্টরির মালিক রহিম উদ্দিন ভরসা বলেন, "জন্ম থেকে মূত্যু পর্যন্ত মানুষের সব ধরনের সেবা নিশ্চিত করা না গেলে মানুষ কর দিতে উৎসাহিত হবে না।" তিনি বলেন, মানুষ কর দেবে অথচ রাস্তা-ঘাট ভাঙা থাকবে, চিকিৎসা পাবে না- এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর জবাবে অর্থ উপদেষ্টা বলেন, "দেশের মানুষ যদি বেশি বেশি কর দেয় তাহলে সরকারের পক্ষে এ সব সেবা নিশ্চিত করা সহজ হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/২০৪৮ঘ.