বেনাপোল, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা প্রতিকূলতার সমাধানের পরে চলতি বছরে বেনাপোল বন্দর দিয়ে ইলিশ রপ্তানি ক্রমে বাড়ছে। কোন প্রতিকূলতা না থাকলে এর পরিমাণ গত বছরের দ্বিগুণ হবে বলে ধারণা করছেন রপ্তানিকারকরা।
বন্দরের হিসাব অনুযায়ী, চলতি ইলিশ মৌসুমের ৮ জুলাই থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ৩ মাস ২৪ দিনে বেনাপোল বন্দর দিয়ে ২ হাজার ২শ' ৭৯ দশমিক ৯৫ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। এর মাধ্যমে অর্জিত হয়েছে ১ কোটি ৩৪ লাখ ১৩ হাজার ৭শ' মার্কিন ডলার যা বাংলাদেশী মুদ্রায় ৯৩ কোটি ৮৯ লাখ ৫৯ টাকা। অন্য বন্দর দিয়েও ভারতে ইলিশ রপ্তানি হয়।
প্রতি বছর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত চার মাসকে ইলিশ রপ্তানির ভরা মৌসুম হিসেবে ধরা হয়। জাটকা নিধনে সরকারি নিষেধাজ্ঞার কারণে এবার উপকূলীয় অঞ্চলে প্রচুর ইলিশ ধরা পড়েছে।
পাবনা সাত তারা মৎস্য ব্যবসায়ী সমিতির অতুল চন্দ্র জানান, এখন পর্যন্ত উপকূলে প্রচুর ইলিশ ধরা পড়ছে। এ অবস্থা অব্যাহত থাকলে আগামী ফেব্র"য়ারি পর্যন্ত ভারতে ইলিশ রপ্তানি করা যাবে।
বেনাপোল কাস্টমস হাউজের সহকারি কমিশনার আজিজুল ইসলাম জানান, ইলিশের রপ্তানির ওপর কোন ধরনের কর নেই। প্রতিদিন বেনাপোল দিয়ে ৭/৮ ট্রাক ইলিশ ভারতে রপ্তানি হয়।
প্রতি কেজি ইলিশের সরকারিভাবে নির্ধারিত রপ্তানি মূল্য ৬ মার্কিন ডলার।
৮শ' গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশই এ বছর বেশি রপ্তানি হচ্ছে বলে জানান তিনি।
স্থানীয় বাজারে সঙ্কট ও অগ্নিমূল্যের কারণে গত বছরের ৪ জুলাই থেকে সরকার ৬ মাসের জন্য ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে। ৪ ডিসেম্বর নিষেধাজ্ঞা শেষ হবার পর ২০০৮ সালের ৮ জানুয়ারি থেকে পুনরায় ভারতে পুনঃনির্ধারিত মূল্যে ইলিশ রপ্তানি শুরু হয়।
গত মৌসুমে ভারতে ইলিশের রপ্তানি মূল্য ছিল প্রতি কেজি ৪ মার্কিন ডলার। কিন্তু সে সময় বাংলাদেশের বাজারে ইলিশের দাম ছিল এর চেয়ে বেশি। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সে সময় ইলিশ রপ্তানির নামে ভারতে ডলার পাচার করে বলে অভিযোগ ওঠে। এরপর বাংলাদেশ সরকার রপ্তানি মূল্য নির্ধারণ করে প্রতি কেজি ৬ মার্কিন ডলার।
ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি নিরুপম চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগে রপ্তানিকৃত ইলিশ মাছ ভারতে প্রবেশের পরে বন্দরে দিল্লী থেকে কেন্দ্রীয় সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অ্যানিমেল কোয়ারেন্টাইন দপ্তরের সার্টিফিকেট দেখিয়ে বাজারে প্রবেশ করতে হতো।
এই সার্টিফিকেট পেতে সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত সময় লাগাতে বন্দরেই অনেক সময় মাছ নষ্ট হয়ে যাওয়ার ঘটনা ঘটতো। ভারতের আমদানিকারকদের আন্দোলনের পরে এখন ওই সার্টিফিকেট ছাড়াই ভারত মাছ আমদানি করছে।
গত ২০০৫-২০০৬ অর্থ বছরে ৪ হাজার ৯শ' ৯৫ মেট্রিক টন এবং ২০০৬-২০০৭ অর্থ বছরে ৩ হাজার ৪শ' ১৪ মেট্রিকটন ইলিশ ভারতে রপ্তানি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এসকে/১৯২১ঘ.
bdnews24