২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সুশাসনের জন্য নিয়ন্ত্রণের চেয়ে সঠিক নেতৃত্ব বেশি প্রয়োজন'

সুশাসনের জন্য নিয়ন্ত্রণের চেয়ে সঠিক নেতৃত্ব বেশি প্রয়োজন। বাংলাদেশ ইন্সটিটিউট অফ ডেভলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) একটি প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সোমবার বক্তারা এ মত দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2008, 05:41 PM

Updated : 26 Aug 2022, 02:36 PM

ঢাকা, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুশাসনের জন্য নিয়ন্ত্রণের চেয়ে সঠিক নেতৃত্ব বেশি প্রয়োজন। বাংলাদেশ ইন্সটিটিউট অফ ডেভলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) একটি প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সোমবার বক্তারা এ মত দেন। রাজধানীর এলজিইডি মিলনায়তনে এক অনুষ্ঠানে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা- সিডার আর্থিক সহায়তায় 'এ শিপ এড্রিফট: গভর্নেন্স অ্যান্ড ডেভলপমেন্ট ইন বাংলাদেশ' শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। ২০০৬ সালে বিআইডিএস আয়েজিত এক সম্মেলনে অংশ নেওয়া বক্তাদের প্রবন্ধগুলোর সমন্বয়ে এ বই প্রকাশ করা হয়েছে। বইটি সম্পাদনা করেছেন ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইন্সটিটিউটের অধ্যাপক নুরুল ইসলাম ও বিআইডিএস এর গবেষণা পরিচালক এম আসাদুজ্জামান। মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, স্বার্থ সংশ্লিষ্টদের মধ্যে ব্যবধান কমিয়ে আনার জন্য যখন কাজ করা হয় তখন শাসন ব্যবস্থা আর 'সায়েন্স' থাকে না 'আর্টে' পরিণত হয়। এক্ষেত্রে (শাসন) রাজনীতি, প্রশাসন ও প্রতিষ্ঠানের প্রধানের পদে অধিষ্ঠিত মানুষগুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।" দুর্বল শাসন ব্যবস্থার কারণে বাংলাদেশ সরাসরি বৈদেশিক বিনিয়োগ থেকে বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দীন মাহমুদ। তিনি বলেন, "সঠিক নেতৃত্ব সুশাসন প্রতিষ্ঠার মূল চাবিকাঠি। কিন্তু এ কথাও বলতে হয় যে, ভালো নেতা তৈরি করারও কোনো ফর্মুলা নেই।" সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশের রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিদেশি সফল রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠানগুলোর তুলনা করে দেশীয় প্রতিষ্ঠানগুলোর ঘাটতি খুঁজে বের করার পরামর্শ দেন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, "বাংলাদেশ বিমান আর সিঙ্গাপুর এয়ার লাইন্সের মধ্যে তুলনা করুন। দুটো প্রতিষ্ঠানই রাষ্ট্রীয় মালিকানাধীন। কিন্তু একটির পথে বসার উপক্রম আর অন্যটি বিশ্বের অন্যতম সেরা বিমান পরিবহন হিসেবে পরিচিত।" অধ্যাপক নুরুল ইসলাম বলেন, শাসন ব্যবস্থার মধ্যে রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান, আইনের শাসন ও নিয়ন্ত্রণ কাঠামো। তবে সুশাসন বিষয়ে কোনো একটি নির্দিষ্ট সংজ্ঞা নেই। তিনি বলেন, দেশের জন্য কোন বিষয়টি জরুরি এবং সেটার কীভাবে সমাধান হবে সে বিষয়ে সরকারের জ্ঞানের অভাব রয়েছে। নুরুল ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলোর তহবিল সংগ্রহের প্রক্রিয়া ঠিক নয়। এটা দেশের অবকাঠামোগত উন্নয়নের পথে বাধা তৈরি করে। রাজনৈতিক দলগুলোর উচিত তাদের ব্যাপারে সহমর্মী উদ্যোক্তাদের ব্যবসায় উৎসাহিত করা। যাতে পরে তারা দলগুলোর জন্য তহবিল দিতে পারে। এ ব্যাপারে পরিবর্তন না আসা পর্যন্ত অবকাঠামোগত উন্নয়ন এগুবে না। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কানাডার হাই কমিশনার রবার্ট ম্যাকডুগাল ও বিআইডিএস এর মহাপরিচালক কাজী শাহাবুদ্দীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এসকে/২৩৩৬ঘ.