২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ বছরও ঘাটতি নিয়েই বিদ্যুৎ পরিস্থিতি মোকাবেলা করতে হবে

এ বছরও ঘাটতি নিয়েই বিদ্যুৎ পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তবে এবারও গত বছরের মতো সেচ কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হবে। সেচকে অগ্রাধিকার দেওয়ার কারণে বিগত বছরের মতো শহরাঞ্চলে লোডশেডিং বাড়বে। সেচ মৌসুমের বিদ্যুৎ পরিস্থিতি পর্যালোচনার জন্য সোমবার বিদ্যুৎ বিভাগে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এসব বিষয় আলোচিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2008, 02:52 PM

Updated : 26 Aug 2022, 02:36 PM

মারুফ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ বছরও ঘাটতি নিয়েই বিদ্যুৎ পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তবে এবারও গত বছরের মতো সেচ কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হবে। সেচকে অগ্রাধিকার দেওয়ার কারণে বিগত বছরের মতো শহরাঞ্চলে লোডশেডিং বাড়বে। সেচ মৌসুমের বিদ্যুৎ পরিস্থিতি পর্যালোচনার জন্য সোমবার বিদ্যুৎ বিভাগে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এসব বিষয় আলোচিত হয়। বিদ্যুৎ বিভাগের সচিব এম ফাওজুল কবির খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কৃষি বিভাগ এবার অতিরিক্ত চাহিদা দিয়েছে। তবে উৎপাদনের ক্ষমতা অনুসারে সমস্যা হওয়ার কথা না। সামনের সেচ মৌসুমে ২০ হাজার নতুন সংযোগ দেবে বিদ্যুৎ বিভাগ।" সচিব ফেব্র"য়ারি-মার্চের মধ্যে প্রায় ৬০০ মেগাওয়াট নতুন বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে আশা প্রকাশ করেন। তবে তা গ্যাস সরবরাহের ওপর নির্ভর করছে বলেও জানিয়ে রাখেন তিনি। ফাওজুল কবির বলেন, " গত বছরের মতো সেচ কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এবার বর্ধিত আকারে বিদ্যুৎ সরবরাহ করা হবে।" বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, গ্যাস সঙ্কট ও কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে পানি স্বল্পতা নিয়েই সেচ মৌসুমে বিদ্যুৎ পরিস্থিতি মোকাবেলা করতে হবে। কাপ্তাই লেকে এখন পানির উচ্চতা ৮৫ ফুট। গত বছর একই সময় উচ্চতা ছিল ১০৮ ফুট। এ কারণে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। আবার গ্যাস সঙ্কটের কারণে প্রায় ৬০০ মেগাওয়াট উৎপাদন কম হচ্ছে। এর ফলে বিশেষ করে চট্টগ্রাম এলাকায় বিদ্যুতের উৎপাদন কমে যাবে যা সেচ কাজে বিরূপ প্রভাব ফেলবে। গ্যাস ঘাটতির কথা উল্লেখ করে বিদ্যুৎ সচিব বলেন, "আমরা গ্যাসের চাহিদার বিষয় জ্বালানি বিভাগকে জানাবো। যতটা পাওয়া যায় তাই দিয়ে পরিস্থিতি সামাল দিতে হবে।" বৈঠকে উত্তরাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বিভিন্ন বিদ্যুৎ বিতরণ সংস্থাকে বিতরণ লাইনের ত্র"টি মেরামত এবং বাঘাবাড়ি ও বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের রক্ষণাবেক্ষণ কাজ আগে থেকেই শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, গত বোরো মৌসুমে ৪৫ লাখ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়। এর মধ্যে প্রায় ১০ লাখ হেক্টর জমিতে সঙ্কর (হাইব্রিড) প্রজাতির ধান চাষ করা হয়। ১১ লাখ ৮৩ হাজার ৮৬০টি ডিজেল এবং ১ লাখ ৬১ হাজার বিদুৎ চালিত পাম্পের মাধ্যমে জমিতে সেচ দেওয়া হয় সেবছর। গত বছর সেচ মৌসুমে বিদ্যুতের গড় উৎপাদন ছিল ৩৪০০ থেকে ৩৭০০ মেগাওয়াট। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৮০০ থেকে ৪০০০ মেগাওয়াট। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাব অনুসারে বর্তমানে পিক আওয়ারে গড় বিদ্যুৎ উৎপাদন ৩৫০০ থেকে ৩৬০০ মেগাওয়াট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/এসকে/২০৪৪ঘ.