২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের সম্মেলনে ব্যবসায়ী-রাজনীতিকদের ঐকমত্য কামনা

অর্থনৈতিক ইস্যুতে ব্যবসায়ীদের সঙ্গে রাজনীতিকদের ঐকমত্য সৃষ্টির আহ্বান জানিয়ে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হক বলেছেন, "১৮ ডিসেম্বরের নির্বাচনের পর সব কাজের কেন্দ্রবিন্দু হতে হবে জাতীয় সংসদ। আমরা রাস্তায় কোনো আন্দোলন দেখতে চাই না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2008, 02:31 PM

Updated : 26 Aug 2022, 02:36 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থনৈতিক ইস্যুতে ব্যবসায়ীদের সঙ্গে রাজনীতিকদের ঐকমত্য সৃষ্টির আহ্বান জানিয়ে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হক বলেছেন, "১৮ ডিসেম্বরের নির্বাচনের পর সব কাজের কেন্দ্রবিন্দু হতে হবে জাতীয় সংসদ। আমরা রাস্তায় কোনো আন্দোলন দেখতে চাই না।" চট্টগ্রামে সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চট্টগ্রাম ও সিলেট বিভাগের চেম্বার নেতাদের উপস্থিতিতে ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সম্মেলনে এফবিসিসিআই নেতারাসহ প্রায় দেড় হাজার ব্যবসায়ী যোগ দেন। রাজনীতিবিদদের সঙ্গে ব্যবসায়ীদের কোনো সংঘাত নেই মন্তব্য করে এফবিসিসিআই সভাপতি বলেন, "অর্থনীতি সুস্থির না থাকলে রাজনীতিও সুস্থির থাকবে না। এজন্য অর্থনৈতিক ইস্যুতে ঐকমত্য সৃষ্টি করতে চাই। ব্যবসায়ীরা যদি ঘুমিয়ে যায়, দেশের অর্থনীতিও ঘুমিয়ে যাবে। রাজনীতিকদের এ বিষয়টি উপলব্ধি করতে হবে।" আগামীতে নির্বাচিত সরকারের উদ্দেশে তিনি বলেন, "গ্যাস উত্তোলনে সর্বাত্মক প্রচেষ্টা নিতে হবে। পরিবেশ সুরক্ষা নিশ্চিত করে কয়লা উত্তোলন ও কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে যেতে হবে। আগামীতে রাজপথে আর যাতে হরতাল এবং বন্দর বন্ধ না হয় সে ব্যবস্থা নিতে হবে।" ধর্মীয় আবেগ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে শুক্রবারের পরিবর্তে রোববার সাপ্তাহিক ছুটি ঘোষণারও দাবি জানান তিনি। সম্মেলনে এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু বলেন, "আমরা এমন গণতান্ত্রিক ধারার রাজনীতি চাই যেখানে ব্যবসা বাণিজ্য গতিশীল হবে। অর্থনীতি ধ্বংসের যে কোনো পায়তারা ব্যবসায়ীরা রুখে দেবে।" বড় দলগুলোর নির্বাচনী ইশতেহারে দেশের কয়লানীতি, মুদ্রানীতি ও করনীতির বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্য দাবি করে সম্মেলনে এফবিসিসিআই এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, "এসব নীতিমালাসহ গ্যাস, বিদ্যুৎ সঙ্কট নিরসনের পরিকল্পনা নিয়ে স্পষ্ট কথা বলতে হবে। সংসদকে সব রাজনীতির ও আইন প্রণয়নের কেন্দ্রবিন্দু করতে হবে। কোনো ধরনের হরতাল চলবে না।" সভাপতির বক্তব্যে চট্টগ্রাম শিল্প ও বণিক সমিতির সভাপতি সাইফুজ্জামান চৌধুরী রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে ব্যবসায়ীদের প্রস্তাব অন্তর্ভুক্ত করার দাবি জানান। ঢাকা ও চট্টগ্রামের মধ্যে দ্রুতগতির রেল সার্ভিস, আট লেনের মহাসড়ক নির্মাণ এবং বন্দর নগরীর নতুন শিল্প কারখানায় অবিলম্বে গ্যাসসংযোগ দেওয়ার দাবিও করেন তিনি। সম্মেলনে সিলেট চেম্বার সভাপতি জুন্নুন মাহমুদ খান সিলেটের উন্নয়ন নিয়ে কোনো মহাপরিকল্পনা না থাকায় ক্ষোভ প্রকাশ করে বলেন, "সিলেটের প্রচুর গ্যাস সম্পদ রয়েছে। কিন্তু সেখানে গ্যাসভিত্তিক নতুন কোনো শিল্প গড়ে ওঠেনি।" সম্মেলনে অন্যদের মধ্যে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, বাংলাদেশ শিপার্স কাউন্সিল চেয়ারম্যান মাহবুব আলী , বিজিএমইএ এর প্রথম সহ সভাপতি এম এ সালাম, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন সভাপতি ড. পারভেজ সাজ্জাদ আক্তার, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন সভাপতি আক্তার হোসেন, শিল্পপতি খলিলুর রহমান, নিটোল গ্র"প চেয়ারম্যান মতলুব আহমেদ, এফবিসিসিআই পরিচালক গাজী দস্তগীর, চট্টগ্রাম চেম্বারের ঊর্ধ্বতন সহ সভাপতি এম এ লতিফও বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফআই/এসএনডি/এসকে/২০১২ঘ.