২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন সামনে রেখে বেসরকারি পর্যায়ে 'কৃষি সংস্কার কর্মসূচি' ঘোষণা

নির্বাচন সামনে রেখে 'সামগ্রিক কৃষি সংস্কার কর্মসূচি'র খসড়া ঘোষণা করেছে দেড়শ'রও বেশি বেসরকারি উন্নয়ন সংস্থার জোট- 'গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2008, 10:44 AM

Updated : 26 Aug 2022, 02:36 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন সামনে রেখে 'সামগ্রিক কৃষি সংস্কার কর্মসূচি'র খসড়া ঘোষণা করেছে দেড়শ'রও বেশি বেসরকারি উন্নয়ন সংস্থার জোট- 'গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান'। কর্মসূচিতে খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান, উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, কৃষি উপকরণ সহজলভ্য করাসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সোমবার জোট আয়োজিত জাতীয় কৃষি সম্মেলনে কর্মসূচি ঘোষণা করা হয়। এর সারসংক্ষেপ তুলে ধরেন উন্নয়ন সংগঠক শাহীন রহমান। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত কনভেনশনে জোটের সমন্বয়ক ও সম্মেলনের সভাপতি জাসদ নেত্রী শিরিন আখতার দলগুলোর নির্বাচনী ইশতেহারে সামগ্রিক কৃষি সংস্কার কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের অঙ্গীকার করার আহ্বান জানান। খসড়া কর্মসূচির ২৮৭টি সুপারিশের মধ্যে রয়েছে, উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য ও বাজার প্রবেশাধিকার নিশ্চিত করা, কৃষি উপকরণের সহজলভ্য করা, সরকারি ভতুর্কির মাধ্যমে সার, বীজ, কীটনাশক, বিদ্যুৎ, ডিজেলসহ কৃষি উপকরণের দাম কমানো, কৃষিতে ব্যাপক বিনোয়োগ/অর্থায়ন নিশ্চিত করা, সরকারি উদ্যোগে কৃষি সেবা নিশ্চিত করা, ভূমি ও জলাশয়সহ সাধারণ সম্পদে কৃষকদের প্রবেশাধিকার নিশ্চিত করা, প্রথাগত ভূমি অধিকার সংরক্ষণ করা, বিপুল পরিমাণে অবাধ আমদানির হাত থেকে দেশীয় কৃষিপণ্যের সুরক্ষা নিশ্চিত করা, কৃষিতে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় কার্যকর ব্যবস্থাগ্রহণ ও আন্তজার্তিক চুক্তি ও বাণিজ্যে কৃষি ও কৃষকদের স্বার্থ রক্ষা করা। সম্মেলনে অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল বারকাত বলেন, "দেশ উন্নয়ন না হওয়ার বড় কারণ সম্পদ উৎপাদনকারীদের (শ্রমজীবী মানুষ) হাতে সম্পদের মালিকানা না থাকা।" দেশে বর্তমানে আড়াই কোটি বিঘা খাস জমি আছে- জানিয়ে তিনি বলেন, "এর মধ্যে দুই কোটি বিঘার মালিকানা গরিব ভূমিহীনদের হাতে নেই।অথচ সংবিধান অনুযায়ী খাসজমির মালিকানা গরিব ভূমিহীনদের থাকার কথা ছিল।" এজন্য রাজনীতিবিদদের দায়ী করে তিনি বলেন, "যারাই রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তারা সরাসরি অথবা তাদের প্রতিনিধির মাধ্যমে খাস জমি দখল করে নেয়। অথচ নির্বাচনের আগে তারা খাসজমি ভূমিহীনদের দেওয়ার অঙ্গীকার করে। আগামী নির্বাচনে এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সুস্পষ্ট অঙ্গীকার করতে হবে। অঙ্গীকার পূরণ না করলে কী শাস্তি হবে সেটা তারা এখনই নির্ধারণ করুক।" জোটের সদস্য সচিব জিয়াউল মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, অর্থনীতি সমিতির সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ, সাবেক কৃষি প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সহসভাপতি শরীফ নুরুল আম্বিয়া, ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ, বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের নির্বাহী পরিচালক ড. আতিক রহমান, নারী উদ্যোক্তা সমিতির সম্পাদক রওশন আরা মাহমুদ, অক্সফামের পলাশ কান্তি দাশসহ বিভিন্ন অঞ্চলের কৃষক প্রতিনিধি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসএনডি/জিএনএ/১৬৩৭ ঘ.