ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন শুক্রবার শুরু হয়েছে।
সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ।
প্রধান উপদেষ্টা তার প্রধান অতিথির ভাষণে অর্থনীতিতে সামগ্রিকভাবে সুষ্ঠু ব্যবস্থাপনা আনার জন্য অর্থনৈতিক চালিকাশক্তির ক্ষেত্রে পরিবর্তন আনার তাগিদ দেন। তিনি এসব শক্তির মধ্যে উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন উদ্যোক্তা, সময়োপযোগী বাণিজ্যিক কৌশল, দূষণমুক্ত উৎপাদন ব্যবস্থা, নবায়নযোগ্য জ্বালানি উৎস, উৎপাদনশীল ও নিরবচ্ছিন্ন শ্রমশক্তি, প্রযুক্তি ও আন্তর্জাতিক বিনিয়োগ প্রভৃতি বিষয়ের কথা উল্লেখ করেন।
ডিসিসিআই আয়োজিত 'নেক্সট ১৫ ইয়ারস: এ ভিশন ফর গ্রোথ'- শীর্ষক এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম, ডিসিসিআইয়ের সভাপতি হোসেন খালেদ এবং ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ এর সভাপতি মাহবুবুর রহমান, আঙ্কটাডের মহাসচিব ড.সুপাচাই পানিচপাকদি, জাতিসংঘের জেনেভা দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. দেবপ্রিয় ভট্টাচার্য, ভারতের বাণিজ্য প্রতিমন্ত্রী জয়রাম রমেশ, শ্রীলঙ্কার রপ্তানি উন্নয়ন ও আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী জি এল তেইরিস প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিসিসিআইয়ের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/কিউএইচ/এসকে/১৪১৮ঘ.
bdnews24