২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

"প্রবৃদ্ধির জন্য নিশ্চিত করতে হবে বিদ্যুৎ, ভূমি ও দক্ষ শ্রমিক "

বিশ্বব্যাংক ও চট্টগ্রাম চেম্বারের যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনায় ব্যাংকের বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন অর্থনীতিবিদ তাতিয়ানা নেনোভা বলেছেন, বিদ্যুৎ, ভূমি ও দক্ষ শ্রমিক এবং অর্থায়নের সুযোগ নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে প্রবৃদ্ধির গতি সচল রাখা অসম্ভব হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2008, 05:05 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

চট্টগ্রাম, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বব্যাংক ও চট্টগ্রাম চেম্বারের যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনায় ব্যাংকের বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন অর্থনীতিবিদ তাতিয়ানা নেনোভা বলেছেন, বিদ্যুৎ, ভূমি ও দক্ষ শ্রমিক এবং অর্থায়নের সুযোগ নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে প্রবৃদ্ধির গতি সচল রাখা অসম্ভব হবে। বাংলাদেশে বিনিয়োগ পরিবেশের ওপর বিশ্বব্যাংকের প্রকাশিত দ্বিতীয় প্রতিবেদন প্রকাশ উপলক্ষে চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে আলোচনা সভাটি আয়োজন করা হয়। ঢাকায় গত সোমবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অর্থ উপদেষ্টার উপস্থিতিতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছিল। চট্টগ্রামে বৃহস্পতিবার 'শক্তিশালী সামগ্রিক প্রবৃদ্ধির জন্য প্রতিযোগিতা সক্ষমতা সৃষ্টি' শীর্ষক আলোচনায় তাতিয়ানা বলেন, "বিগত বছরগুলোতে বাংলাদেশের প্রবৃদ্ধির হার তুলনীয় অন্যান্য অনেক দেশের চেয়ে খুবই সন্তোষজনক। তা সত্ত্বেও রাজনৈতিক অনিশ্চিয়তা এবং বিদ্যুৎ ও গ্যাস সমস্যার কারণে বাংলাদেশ প্রত্যাশিত প্রবৃদ্ধি অর্জন করতে পারেনি।" দেশি পুঁজি-প্রবাহ সন্তোষজনক থাকলেও বিদেশি পুঁজির বিনিয়োগ কমে গেছে উল্লেখ করে তিনি বলেন, "বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য ভৌত অবকাঠামো উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতকরণ, প্রশাসন বিকেন্দ্রীকরণ, শুল্ক কাঠামো সুষমকরণ ও বিনিয়োগ বান্ধব নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্ব দিতে হবে।" চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইফুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় আরো বক্তব্য দেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চট্টগ্রাম শাখার সভাপতি প্রকৌশলী আলী আশরাফ, বাংলাদেশ অর্থনীতি সমিতি চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক সেকান্দার খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, ইয়াংওয়ান-এর উপদেষ্টা প্রকৌশলী জিয়া হোসেন ও চেম্বার সহ সভাপতি মাহবুব আলম প্রমুখ। চেম্বার সভাপতি সাইফুজ্জামান বিশ্বব্যাংকসহ অন্যান্য বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে কোনো দেশের ওপর নিজস্ব মডেল বা মতবাদ চাপিয়ে না দিয়ে বরং স্থানীয়দের সঙ্গে আলোচনার ভিত্তিতে স্থানীয় সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করার আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএনডি/এসকে/২২৫৭ঘ.