ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিশ্ব অর্থবাজারের চলমান সঙ্কটের প্রভাব মোকাবেলার জন্য জরুরি ভিত্তিতে একটি উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের জন্য সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে। (বিস্তারিত)
শনিবার সন্ধ্যায় রাজধানীতে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত এক সংলাপে রাজনীতিবিদ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও অর্থনীতিবিদসহ বিভিন্ন পেশাজীবীরা এ পরামর্শ দেন।
সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত 'বিশ্ব অর্থনীতির সংকট: বাংলাদেশের করণীয়'-শীষক ওই সংলাপে বলা হয়, "বিশ্ব অর্থনীতির সঙ্কটের প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে পড়বে-এটা এখন নিশ্চিত করা বলা যায়। সে সঙ্কট আমাদের অর্থনীতির কোন কোন খাতে কি পরিমাণ পড়বে, কত দিন তা স্থায়ী হবে, সেটাই এখন বড় বিষয়।"
আর এ সঙ্কট মোকাবেলায় করণীয় নির্ধারণের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে অর্থনীতিবিদ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের পরামর্শ দেন তারা।
বিশ্ব সঙ্কটকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জরুরি ভিত্তিতে সরকারকে এই টাস্কফোর্স গঠনের তাগিদ দেন তারা।
সংলাপের মূল প্রবন্ধে সিপিডি'র সাবেক নির্বাহী পরিচালক ও বর্তমানে জেনেভায় জাতিসংঘ ও বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিওটিও) বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত দেবপ্রিয় ভট্টাচার্য সঙ্কটের সর্বশেষ অবস্থা ব্যাখ্যা করেন। বাংলাদেশে এর প্রভাব পড়বে বলে উল্লেখ করে তিনি টাস্কফোর্স গঠনের তাগিদ দেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতও সরকারকে বিশেষজ্ঞদের সমন্বয়ে অবিলম্বে এ টাস্কফোর্স গঠনের পরামর্শ দেন। তিনি বলেন, "বিশ্ব অর্থনীতির সঙ্কটের কারণে আমাদের রপ্তানি আয় ও রেমিটেন্সে নেতিবাচক প্রভাব পড়বে। বৈদেশিক সাহায্য ও বিনিয়োগ কমে যাবে। যার ফলে জিডিপি প্রবৃদ্ধিও কমে যাবে।"
গত ২০ অক্টোবরও বিশ্ব অর্থনীতি নিয়ে এক আলোচনায় মুহিত সঙ্কট মোকাবেলার জন্য টাস্কফোর্স গঠনের সুপারিশ করেছিলেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ টাস্কফোর্স গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, "বিশ্ব অর্থনীতির প্রভাব আমাদের ব্যাংকিং খাত ও শেয়ার বাজারে না পড়লেও রপ্তানি আয়, রেমিটেন্সসহ অর্থনীতির অন্যান্য খাতে পড়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সার্বিক বিষয় মনিটর করা হলেও একটি উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করলে ভালো হয়।"
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, "কত দিন এ সঙ্কট স্থায়ী হবে, কোথায় গিয়ে শেষ হবে-তা নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছে না। এর প্রভাব যাতে আমাদের অর্থনীতিতে না পড়ে সে জন্য সরকারকে এখনই কিছু করণীয় ঠিক করতে হবে। আর এ করণীয় নির্ধারণের জন্য টাস্কফোর্স গঠন খুবই জরুরি।"
কেন্দ্রীয় ব্যাংেকর গৃহীত পদক্ষেপ যথেষ্ট নয় মন্তব্য করে তিনি বলেন, সঙ্কটকে সামগ্রিকভাবে দেখতে হবে।
বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক বলেন, "বিশ্ব অর্থনীতির সঙ্কট আমাদের অর্থনীতিতে পড়তে পারে- এ কথা স্বীকার করে সরকারকে আর দেরি না করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।"
সিপিডি'র চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে অন্যান্যের মধ্যে সাবেক সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ, ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন, এফবিসিসিআই এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ, সিপিডি নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২১১৪ঘ.
bdnews24