২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একনেকে চার হাজার ৫৪৭ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে বৃহস্পতিবার চার হাজার ৫৪৭ কোটি টাকার ১১টি উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2008, 03:03 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে বৃহস্পতিবার চার হাজার ৫৪৭ কোটি টাকার ১১টি উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে। রাজধানীর এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারম্যান ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব প্রকল্প অনুমোদন করা হয়। বৈঠক শেষে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম জানান, এই প্রকল্পগুলোর জন্য চার হাজার ৫৪৭ কোটি টাকার মধ্যে বৈদেশিক সাহায্য হিসেবে পাওয়া যাবে তিন হাজার ৫১৮ কোটি টাকা। অনুমোদন পাওয়া প্রকল্পগুলো হচ্ছে- ২০০৭ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সাইক্লোন সেন্টারগুলোর মেরামত ও পুনর্নির্মাণে ৭৫৫ কোটি টাকার প্রকল্প; ৪৬০ কোটি টাকার দক্ষতা উন্নয়ন প্রকল্প; ৬৮১ কোটি টাকার উচ্চ শিক্ষার মান উন্নয়ন প্রকল্প; ৬৪৫ কোটি টাকার নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প; ১৬৬ কোটি টাকার আদর্শ গ্রাম প্রকল্প; ২৮৪ কোটি টাকার বরেন্দ্র সমন্বিত এলাকা উন্নয়ন প্রকল্প; তিতাস, বাখরাবাদ, সিলেট, কৈলাশটিলা ও রশিদপুর গ্যাস ক্ষেত্রে নতুন গ্যাস অনুসন্ধানে ১৬৪ কোটি টাকার প্রকল্প; নির্বাচিত মাদ্রাসায় দাখিল (ভোকেশনাল) কোর্স প্রবর্তনে ৩৮ কোটি টাকার প্রকল্প; ১১৬০ কোটি টাকার ঢাকা ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন প্রকল্প; ১৩০ কোটি টাকার চট্টগ্রাম বন্দর ট্রেড ফ্যাসিলিটেশন প্রকল্প এবং চট্টগ্রাম কাস্টম হাউজের উন্নয়নে ৬৪ কোটি টাকার প্রকল্প। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এমএইচবি/২০৫৭ ঘ.