২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত সুবিধা চেয়েছে এফবিসিসিআই

চীনের বাজারে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা দেওয়ার অনুরোধ জানিয়েছে ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2008, 02:08 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ঢাকা, ১৫ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনের বাজারে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা দেওয়ার অনুরোধ জানিয়েছে ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই)। মঙ্গলবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক উপ মহাপরিচালক লিয়াং ওয়েন তাও-এর নেতৃত্বে সফররত সাত সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে এক মতবিনিময় সভায় এফবিসিসিআই নেতৃবৃন্দ এ অনুরোধ জানান। বুধবার এফবিসিসিআই-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় এফবিসিসিআই প্রথম সহ-সভাপতি আবুল কাশেম আহমেদ চীনকে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী উল্লেখ করে দেশটির বাজারে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা দেওয়ার অনুরোধ জানান। তিনি বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য উন্নয়নে দু'দেশের যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। লিয়াং ওয়েন তাও দু দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ব্যবধান কমাতে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি বাড়ানোর ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেন। চীন বাংলাদেশ থেকে নতুন নতুন পণ্য রপ্তানি করতে কাজ করছে বলেও জানান তিনি। সভায় এফবিসিসিআই সহ-সভাপতি আবু আলম চৌধুরী, মহাসচিব মীর শাহাবুদ্দিন ও কয়েক জন পরিচালক বক্তব্য দেন। সভায় এফবিসিসিআই নেতৃবৃন্দ চীনে বাংলাদেশের ব্যবসায়ীদের সহজে যাতায়াতের জন্য ভিসা প্রাপ্তি সহজ করার অনুরোধ জানান। চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক বরাবরই চীনের অনুকুলে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, গত ২০০৭-০৮ অর্থ বছরে বাংলাদেশ চীন থেকে ৩১০ কোটি ৩৮ লাখ ডলারের পণ্য আমদানি করেছে। এর বিপরীতে চীনে বাংলাদেশ রপ্তানি করেছে মাত্র ১০ কোটি ৭০ লাখ ডলারের পণ্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/১৯৫০ঘ.