চট্টগ্রাম, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম)- তাইওয়ানের আটটি বাণিজ্যিক প্রতিষ্ঠান চট্টগ্রাম ও কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) ১০ কোটি ডলার বিনিয়োগ করতে আগ্রহী বলে দেশটির সফররত বাণিজ্যিক প্রতিনিধি দলের প্রধান অ্যান্ডি কুং জানিয়েছেন।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম ইপিজেড জোন সার্ভিসেস কমপ্লেক্সে তিনি সাংবাদিকদের এ কথা জানান। এর আগে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ খান দলটিকে ইপিজেডে বিনিয়োগের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করেন।
বাংলাদেশে বিনিয়োগের সম্ভাব্যতা যাচাইয়ে নয় সদস্যের প্রতিনিধি দলটি এদিনই বাংলাদেশে আসেন।
দলনেতা এবং পো চেন গ্র"পের প্রেসিডেন্ট অ্যান্ডি কুং জানান, আগামী চার বছরে পর্যায়ক্রমে চট্টগ্রাম ও কর্ণফুলী ইপিজেডে জুতা শিল্প (ফুটওয়্যার) খাতে এ বিনিয়োগ করা হতে পারে।
অ্যান্ডি কুং জানান, বিদ্যুৎ ও গ্যাস সঙ্কট এদেশে বিনিয়োগে অন্যতম বাধা। তবে ফুটওয়্যার খাতে গ্যাস সংযোগের প্রয়োজনীয়তা না থাকায় বিনিয়োগ বাধাগ্রস্ত হবে না বলে তিনি মনে করেন।
বেপজা নির্বাহী চেয়ারম্যান জামিল আহমেদ খান বলেন, "তাইওয়ানের নতুন আটটি প্রতিষ্ঠান ১০ কোটি ডলার বিনিয়োগের আগ্রহের কথা জানিয়েছে। তারা এ বিনিয়োগ করলে বিপুল পরিমাণ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশ বৈদেশিক মুদ্রা আয় করবে।"
আপাতত নতুন কোনো শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ না দেয়ার সিদ্ধান্ত দেশে বিনিয়োগ আকর্ষণের বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, "আমরা এ চ্যালেঞ্জ মোকাবেলায় গ্যাসসংশ্লিষ্ট শিল্পকারাখানার বাইরে বিশেষ করে ফুটওয়্যার খাতে বিনিয়োগ আর্কষণের চেষ্টা করছি।"
তিনি জানান, তাইওয়ানের ১৩টি বাণিজ্যিক প্রতিষ্ঠান দেশের আটটি ইপিজেডে মোট ৮ কোটি ২০ লাখ ডলার বিনিয়োগ করেছে। এসব প্রতিষ্ঠানে ৬ হাজার ২৫১ জন বাংলাদেশী ও ৭৬ জন বিদেশি শ্রমিক কাজ করছে। এছাড়া আরও সাতটি প্রতিষ্ঠান বিনিয়োগের জন্য চুক্তি করেছে।
পরে প্রতিনিধি দলের সদস্যরা চট্টগ্রাম ও কর্ণফুলী ইপিজেড পরিদর্শন করেন। এ সময় চট্টগ্রাম ইপিজেডের মহাব্যবস্থাপক আতাউল হক ও বেপজার বিনিয়োগ উন্নয়ন বিষয়ক মহাব্যবস্থাপক এস এম আবদুর রশিদ ছাড়াও তাইওয়ানের বাণিজ্যিক দলের সদস্যের মধ্যে পো চেন গ্র"পের ভাইস প্রেসিডেন্ট পিটার সাই, জং সান গ্লোরি সুজের চেয়ারম্যান হু, ইউনিসন কোম্পানির চেয়ারম্যান পল লিয়ং, গুয়ে চুন কোম্পানির চেয়ারম্যান লি এবং উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/টিএইচ/এমএইচবি/১৯৫৯ ঘ.
bdnews24