ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বব্যাপী চলমান অর্থনৈতিক মন্দার প্রভাব দেশের ব্যাংকিং খাতে পড়বে না বলে আশ্বস্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী।
সোমবার মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
গভর্নর দেশের বাইরে থাকায় তিনিই কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন।
ডেপুটি গভর্নর বলেন, "যুক্তরাষ্ট্রসহ উন্নত বিশ্বের সরকারগুলো আমানতকারীদের অর্থ নিরাপদে রাখার প্রতিশ্র"তি দিয়েছে। তাই নিরাপত্তার কথা চিন্তা করে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ব্যাংকে থাকা বাংলাদেশের রিজার্ভ সেখানকার কেন্দ্রীয় ব্যাংকে স্থানান্তর করা হচ্ছে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। এতে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।"
তবে বাণিজ্যিক ব্যাংকে যে পরিমাণ সুদ পাওয়া যায় কেন্দ্রীয় ব্যাংকগুলোতে ততোটা সুদ পাওয়া যায় না বলে জানান তিনি।
জিয়াউল হাসান বলেন, "উন্নত দেশের যে সব আর্থিক প্রতিষ্ঠান স্বল্প মেয়াদী ঋণ বিতরণ করেছে তারাই মন্দার কবলে পড়েছে। কিন্তু আমাদের দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে স্বল্প মেয়াদী ঋণের ব্যবস্থা না থাকায় এর প্রভাব পড়বে না।"
বডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১৯৫০ ঘ.
bdnews24